বন্দীদের মুক্তি দেওয়া শুরু করেছে মিয়ানমার
মিয়ানমারে সাধারণ ক্ষমার আওতায় আজ বুধবার থেকে সব ধরনের বন্দীদের মুক্তি দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এঁদের মধ্যে রাজনৈতিক বন্দীরাও রয়েছেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সাধারণ ক্ষমার আওতায় আজ সর্বপ্রথম জনপ্রিয় কৌতুক অভিনেতা ও ভিন্ন মতাবলম্বী জারগানারকে মুক্তি দেওয়া হয়। ঘূর্ণিঝড় নার্গিস মোকাবিলায় মিয়ানমারের সরকারের কার্যক্রমের প্রকাশ্যে সমালোচনা করার অভিযোগে ২০০৮ সালের জুনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জারগানারকে ৫৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘূর্ণিঝড়ে এক লাখ ৪০ হাজার মানুষ মারা যায়।দেশটির সরকার ঘোষণা দিয়েছে, তারা সাধারণ ক্ষমার আওতায় ছয় হাজারের বেশি বন্দীকে মুক্তি দেবে। তবে মুক্তির তালিকায় কতজন রাজনৈতিক বন্দীর নাম আছে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দেশটির কারাগারগুলোতে সাংবাদিক, আইনজীবী, গণতন্ত্রপন্থী কর্মী, সরকারের সমালোচক, ২০০৭ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত বৌদ্ধ ভিক্ষু এবং স্বায়ত্ত্বশাসনের দাবিতে যুদ্ধরত নৃ-গোষ্ঠীসহ দুই হাজারের বেশি রাজনৈতিক বন্দী রয়েছেন।মুক্তি পাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে জারগানার বলেন, কর্তৃপক্ষের ঘোষিত ছয় হাজার ৩৫৯ জন বন্দীদের মধ্যে কয়েকজন ‘বিবেকের বন্দী’কে আজ মুক্তি দেওয়া হবে বলে তিনি জানতে পেরেছেন। তবে তিনি বলেন, ‘বিভিন্ন কারাগার থেকে কতজন বিবেকের বন্দীকে মুক্তি হচ্ছে, তা আমি জানি না।’বর্তমানে মিয়ানমারের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞার অন্যতম প্রধান একটি কারণ হলো বিবেকের বন্দীদের মুক্তি না দেওয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারের পদক্ষেপকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।