বন্দীবিনিময় চুক্তি অনুমোদন করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্দীবিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে বিবিসির খবরে বলা হয়েছে।আগামী সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ে দুই দেশের মধ্যে বন্দীবিনিময় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বন্দীবিনিময় চুক্তির একটি খসড়া ভারত বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছিল। বাংলাদেশ ওই খসড়ায় কিছু সংশোধন প্রস্তাব করেছে। ভারত সেই সব সংশোধনী প্রস্তাব মেনে নিয়েই চুক্তির খসড়ায় আজ চূড়ান্ত অনুমোদন দিল।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ২৮ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছেন। ওই সময় দুই দেশের মধ্যে বন্দীবিনিময় চুক্তি সই হওয়ার কথা আছে।এই চুক্তি সই হয়ে গেলে বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাওয়ার জন্য ভারত আবেদন করতে পারবে।দুই দেশের মধ্যে বন্দীবিনিময় চুক্তি না থাকায় এক দেশের কারাগারে আটক থাকা অন্য দেশের অপরাধীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা যায় না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে পিটিআইয়ের খবরে আরও বলা হয়েছে, ভারতের মন্ত্রিসভা আজকের বৈঠকে বাংলাদেশের সঙ্গে নতুন ভিসানীতিতেও অনুমোদন দিয়েছে। নতুন এই ভিসানীতির ফলে ৬৫ বছরের বেশি আর ১২ বছরের কম অসুস্থ মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা ভারতে পৌঁছেই আগমন-পরবর্তী ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।ভিসা পাওয়ার এই নতুন চুক্তিটিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ে চূড়ান্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।