বন্দীর সঙ্গে থাকা শিশুর সার্বিক তথ্য চেয়েছেন হাইকোর্ট
সারা দেশের কারাগারের হাজতি ও কয়েদি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কী সুবিধা দেওয়া হয়েছে সে তথ্য তিন সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে ওই সব শিশুর মৌলিক অধিকার রক্ষা না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইজি প্রিজন, সমাজকল্যাণসচিব, মহিলা ও শিশু-বিষয়কসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।কারাগারে মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের ক্ষেত্রে শিশু অধিকার সনদ এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণা অনুসরণের নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান রিট আবেদনটি করেন। আজ তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।পরে এলিনা খান প্রথম আলো অনলাইনকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশের বিভিন্ন কারাগারে কয়েদি ও হাজতি মায়ের সঙ্গে ৩২১টি শিশু রয়েছে। তাঁরা পুষ্টি পাচ্ছে না এবং চিকিত্সা ও শিক্ষাসেবা থেকে বঞ্চিত। এটা শিশু অধিকার সনদ, সর্বজনীন মানবাধিকার ঘোষণা ও সংবিধানের লঙ্ঘন। এ ব্যাপারে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।