বন্দুকধারীদের গুলিতে খুন হলেন ইরাকের জ্যেষ্ঠ সুন্নি ইমাম
ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে একজন জ্যেষ্ঠ সুন্নি ইমামকে গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়।পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক রামাদি শহরে ইমাম আবদুল আলীম আল-সাদির বাড়ির দরজায় টোকা দেন। ইমাম আল-সাদি দরজা খুললে তাঁরা তাঁকে সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন।আনবারের বাসিন্দারা বলেন, সাদি ইরাকের জ্যেষ্ঠতম সুন্নি আলেম আবদুল মালিক আল-সাদির ভাই। আবদুল মালিক এখন আম্মানে বাস করেন। তাঁরা আরও বলেন, সাদিকে একজন মধ্যপন্থী হিসেবে গণ্য করা হতো এবং তিনি ইসলামি শিক্ষার ওপর আল-কায়েদার প্রভাব বিস্তারের চেষ্টার বিরোধিতা করেন।পুলিশ বলেছে, সাদিকে কেন হত্যা করা হয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ইরাকে আল-কায়েদার মিত্র সংগঠনগুলো এ ঘটনায় জড়িত কি না সে ব্যাপারেও তারা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত নয়। মরুভূমিময় আনবার প্রদেশটি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণ ও দখলের পর সুন্নি মুসলিম বিদ্রোহীদের মূল ঘাঁটিতে পরিণত হয়। তখন প্রদেশটির ওপর আল-কায়েদার নিয়ন্ত্রণ ছিল নিরঙ্কুশ। কিন্তু ২০০৬ ও ২০০৭ সালে স্থানীয় উপজাতীয় সর্দাররা আল-কায়েদার বিপক্ষে চলে যান এবং অঞ্চলটিকে আগের তুলনায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ করে তুলতে মার্কিন সামরিক বাহিনীকে সাহায্য করেন।কিন্তু মার্চ মাসের নির্বাচন, যার ফলাফল নিয়ে বিতর্কের ফলে এখনো পর্যন্ত একটি নতুন সরকার গঠন করা যায়নি, তার পর থেকে দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা আবার তীব্র হয়ে উঠেছে। নির্বাচনের পরে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, সহিংসতার মাধ্যমে তার সুযোগ নিতে চাচ্ছে বিদ্রোহী গ্রুপগুলো।