বন্দুকধারীদের হামলায় ১২ জন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায়। কিন্তু ভোট নেওয়া শেষ হওয়ার কয়েক মিনিট পর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর পক্ষে ১৫-২০ জন বহিরাগত অস্ত্রধারী গুলি ছুড়তে ছুড়তে ৪ নম্বর ওয়ার্ড উত্তর চর হাসান-হোসেন এ আখের রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। তবে সন্ত্রাসীদের কেন্দ্রের সীমানায় (এনক্লোজার) রুখে দেয় সাধারণ জনতা। তারা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে মো. নান্নু নামের এক সন্ত্রাসীকে আটকও করে। তবে এরই মধ্যে একটি শিশুসহ ১২ জন গুলিবিদ্ধ হন।সন্ধ্যা সাতটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একই প্রার্থীর সমর্থকেরা ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর সফিক একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শংকর কুমার পাল ও পুলিং কর্মকর্তা মীর মোরশেদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেলের ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: সাহাব উদ্দিন (৩০), আমজাদ হোসেন (৩৫), নূরুল আমিন (৫০), গিয়াস উদ্দিন (২২), রিনা বেগম (৯), সাহাদাত হোসেন (৪০), চন্দনা বানু (৪৫), রুহুল আমিন (৫৫), মো. শাহিন (২৫), মো. সেলিম (৩০), আজাদ আবদুর রহমান (৩০) ও লায়লা আক্তার (৩২)। আহত ব্যক্তিদের কয়েকজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এলজির একটি গুলির খোসা উদ্ধার করা হয়।ঘটনার সময় কেন্দ্রে উপস্থিত আবদুর রহিম, মো. হারুনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-২০ জন সন্ত্রাসী কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে কেন্দ্রের সীমানায় চলে এলে কয়েক শ জনতা তাদের ধাওয়া করে। সব সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও নান্নু নামে এক সন্ত্রাসীকে ধরে ফেলে জনতা।কেন্দ্রে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক শফিকুর রহমান বলেন, হামলাকারী সন্ত্রাসীদের হাতে ছয়-সাতটি দেশের তৈরি এলজি দেখা যায়। তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলিও ছুড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর বিকেল আনুমানিক চারটা পাঁচ মিনিটে কেন্দ্রের কাছে তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি সব বুথ (চারটি) থেকে ব্যালট বাক্স তাঁর কক্ষে নিয়ে আসেন।নির্বাচনে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হারুন অর রশিদ বলেন, ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মো. নান্নুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটকের পর গণধোলাইয়ে সে গুরুতর আহত হয়। সন্ত্রাসী হামলা এবং গুলি ছোড়ার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা: সন্ধ্যা সাতটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজাদ উদ্দীন চৌধুরীর কয়েক শ সমর্থক লাঠিসোটা নিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। তারা একটি পিকআপ ভ্যান (লক্ষ্মীপুর-ন-১১-০০৫৩) ভাঙচুর করে। তারা ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর সফিক একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শংকর কুমার পাল ও পুলিং কর্মকর্তা মীর মোরশেদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে র্যাব-১১ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’, ‘প্রহসনের নির্বাচন বাতিল করো’ বলে স্লোগান দেয়। চরসেকান্দর সফিক একাডেমি কেন্দ্রের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক তাজুল ইসলাম জানান, ব্যালট বাক্সসহ তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছাতেই কয়েক শ লোক মিছিলসহ হামলা চালিয়ে পিকআপ ভ্যানটি ভাঙচুর করে, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাকে বেধড়ক পেটায়। তারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। প্রিসাইডিং কর্মকর্তার মাথা ফেটে গেছে। তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁর সঙ্গে থাকা ভোটকেন্দ্রের খরচের টাকাসহ তাঁর ব্যক্তিগত প্রায় ১০ হাজার টাকা, মোটরসাইকেল ও বাসার চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে।রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন হায়দার ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ওই কেন্দ্রের সবকটি ব্যালট বাক্স, ব্যালট পেপার ও ভোটের ফলাফল শিট অক্ষত আছে।