বন্দুকধারীর গুলিতে আফগান নির্বাচনী প্রার্থী নিহত
পশ্চিম আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গতকাল শনিবার একজন সংসদ সদস্য পদপ্রার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান। আফগানিস্তানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে দেশটিতে এ পর্যন্ত চারজন প্রার্থী নিহত হয়েছেন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের সিন্দাল জেলার গভর্নর লাল মোহাম্মদ ওমরজাই জানান, আবদুল মান্নান নামের ওই প্রার্থী গতকাল মাগরিবের নামাজ পড়ার উদ্দেশে তাঁর বাসা থেকে মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মান্নানের কাছ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে দুই আরোহী তাঁকে গুলি করে। এদিকে গত মঙ্গলবার ফাওজিয়া গিলানি নামের অপর নারী প্রার্থীর ১০ জন নির্বাচনী প্রচারকর্মী ও তাঁর কয়েকজন আত্মীয় হেরাত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তিরা তালেবান নাকি প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থী কর্তৃক অপহূত হয়েছেন তা এখনো জানা যায়নি। জাতিসংঘ বলছে, দেশটিতে দুই সপ্তাহ আগে তিনজন প্রার্থী নিহত হয়েছেন। এ ছাড়া নারী প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নানা ধরনের নির্বাচনী সহিংসতাও লক্ষ করা গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশেষ করে তালেবান নিয়ন্ত্রিত দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে নির্বাচন করা যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। এর পাশাপাশি নির্বাচনে কারচুপি ও দুর্নীতির শঙ্কা তো রয়েছেই।আফগান সংসদের নিম্নকক্ষের এই নির্বাচনে ২৪৯টি আসনের বিপরীতে প্রায় দুই হাজার ৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৬৫টি আসন নারী সদস্যদের জন্য রাখা হয়েছে। নারী সদস্যদের এ আসনগুলোতে ৩৮৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।দেশটির নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিকল্পিত ছয় হাজার ৮৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে নয় শতাধিকেরও অধিক কেন্দ্র ভোট গ্রহণের জন্য উন্মুক্ত করা যাবে না। ২০০৫ সালের সাধারণ নির্বাচন ও ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত করতে তালেবানরা চেষ্টা করেছিল এবং এতে তারা কিছুটা সফলও হয়েছিল। তবে তারা নির্বাচন ভুণ্ডুল করার ক্ষেত্রে সরাসরি কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারেনি।—রয়টার্স