আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তালেবানের দুই জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে হোটেলটিতে তালেবান জঙ্গিদের হামলার পর আজ তারা এই অভিযান চালায়। জঙ্গি হামলার পর বন্দুকযুদ্ধে ওই হোটেলে ১০ জন নিহত হন।আজ শহরের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গির বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা টেলিভিশনের অনলাইন এসব তথ্য জানানো হয়। আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে।আইয়ুব সালাঙ্গি রয়টার্সকে জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে এক দল বন্দুকধারী ওই হোটেলে প্রবেশ করে। এ সময় হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হন। এর মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক, হোটেলের তিনজন নিরাপত্তারক্ষী ও একজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত জঙ্গিরা হোটেল অবরোধ ও নাগরিকদের জিম্মি করে রাখে বলে জানান তিনি।আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ওই হোটেলে অভিযান চালায় আফগান নিরাপত্তা বাহিনী। এ সময় দুই জঙ্গি নিহত হয়। অভিযানের পর ১৮ জন বেসামরিক লোককে ছেড়ে দেওয়া হয়।