‘কোনো সন্ত্রাসী যখন র্যাবের ওপর হামলা চালায়, তখনই র্যাব পাল্টা গুলি চালায়—এ রকম বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীর মৃত্যু হয়। এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় না।’ ‘ক্রসফায়ারের’ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কী—সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান এ কথা বলেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক গতকাল রোববার প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে তাঁর অভিমত তুলে ধরেন। র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান, কর্নেল এ এফ এম জাহাঙ্গীর আলম, মিডিয়া শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল, মেজর সাখাওয়াত হোসেন, মেজর ইফতেখার ও ক্যাপ্টেন সাইফুল্লাহ ওয়ালিদ উপস্থিত ছিলেন।মোখলেছুর রহমান বলেন, মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ র্যাব করবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে র্যাব সম্পূর্ণ সচেতন রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড র্যাব কখনোই সমর্থন করে না। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও চরমপন্থীদের দমন করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। র্যাব দেশে ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। তার পরও কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে র্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিদের যারা মদদ দিয়েছে তাদের ব্যাপারে র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। তিনি জানান, র্যাবের জন্য হেলিকপ্টার ক্রয় ও দুটি নতুন ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন।মোখলেসুর রহমান ২ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ছিলেন।