বন্দুকের নলে বিশ্বাস করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের সম্বল। বন্দুকের নলে বিশ্বাস করি না। কারও কাঁধে ভর করে ক্ষমতায় আসিনি। মানুষের কল্যাণে যা করার করে যাব।’ আজ শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের মুলতবি সভার প্রারম্ভিক বক্তৃতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।বর্তমান সরকার প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করেছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। মন্ত্রী ও মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা—যখন যাঁকে খুশি ডাকছে। জিজ্ঞাসাবাদ করছে। অতীতে কোনো সরকারের সময় মন্ত্রীদের ডাকা তো দূরের কথা, ডাকার সাহসও পায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। বর্তমান সরকারের সময় মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, যখন জনগণের ক্ষমতায়ন হয়, অনেকের পছন্দ হয় না। আওয়ামী লীগকে পছন্দ করে না, পছন্দ করে বিষধর সাপকে। বিরোধীদলীয় নেতা সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছেন।বর্তমান সরকারের সময় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও রেডিও অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেটা করেছি আগের সরকারগুলো—খালেদা জিয়া বা এরশাদ তা চিন্তাও করেননি। কিন্তু এত কিছু দেওয়ার পরও আমাদের বেলায় এত কার্পণ্য কেন? বনানীতে ওভারপাস উদ্বোধন করলাম। অনেক লোক তা দেখতেও গেছে। ভেবেছিলাম টিভি চ্যানেলগুলো এটা ফলাও করে প্রচার করবে, কিন্তু এখানে কার্পণ্য দেখতে পেলাম।’ তিনি দাবি করেন, তাঁর সরকার নির্বাচনী ওয়াদা একে একে পূরণ করতে সক্ষম হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করে দেশকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।