বন্ধ কারখানা চালুর দাবি গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বন্ধ করে দেওয়া কারখানা চালু এবং এসব কারখানায় কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে আসাদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবিসহ মোট ছয় দফা দাবি তুলে ধরে পরিষদ।সংবাদ সম্মেলনে বলা হয়, সামনে রোজা ও ঈদ। এখন কারখানা বন্ধ করে দেওয়ার ফলে শ্রমিকদের মজুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এটি সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ সব সময় অপশক্তির ইন্ধনের কথা বলেন। কিন্তু স্পষ্ট করে ইন্ধনদাতাদের চিহ্নিত করে না। এ সময় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, যারা নিয়মতান্ত্রিক শ্রমিক ইউনিয়ন কার্যক্রমে যুক্ত, তারা এ শিল্পের ক্ষতি চাই না।’পরিষদের অন্য দাবির মধ্যে আছে চলমান ত্রিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখা, শ্রমিকদের রেশনিং চালু করা, কারখানা বন্ধের কারণে শ্রমিকদের মজুরি না-কাটা, যৌথ দরকষাকষির অধিকার বাস্তবায়ন করা, দফায় দফায় বাড়িভাড়া বৃদ্ধি ও বাজার দরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের আকাঙ্ক্ষিত চাহিদার বিষয়টি বিবেচনা।