বন্ধ পিএসটিএন অপারেটরের কার্যক্রম চালুর দাবি
৮ এপ্রিলের মধ্যে সব বন্ধ বেসরকারি ল্যান্ডফোন পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটরের কার্যক্রম আবার চালুর দাবি জানিয়েছে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব পিএসটিএন অপারেটরস অব বাংলাদেশ (ইএপিওবি)।কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মানবিক কারণে খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা। অন্যথায় মানববন্ধন, প্রতীকী অনশন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ প্রয়োজনে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আনোয়ারী (ওয়ার্ল্ডটেল)।উল্লেখ্য, অবৈধভাবে বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে গত মাসে পরপর পাঁচটি পিএসটিএন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরে প্রতিষ্ঠানগুলো বিটিআরসির শর্তানুযায়ী কাগজপত্র জমা দিতে না পারায় কোম্পানিগুলোর কার্যক্রম আবার চালুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে চাকরির অনিশ্চয়তায় ৩ এপ্রিল গঠন করা হয় সংগঠনটি।সংগঠনের সভাপতি ফাখরুল আরেফিন (র্যাংকসটেল) বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পিএসটিএনের গ্রাহকসংখ্যা পাঁচ লাখের বেশি। এই সংখ্যা যত বাড়বে, দেশীয় বিনিয়োগের সুযোগ ততই বাড়বে। কিন্তু সম্প্রতি এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় গ্রাহকেরা যেমন চরম ভোগান্তিতে পড়েছেন, তেমনি হুমকির মুখে রয়েছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যত্।বন্ধ হয়ে যাওয়া পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটর হলো ঢাকাফোন, ন্যাশনাল ফোন, ওয়ার্ল্ডটেল, র্যাংকসটেল ও পিপলসটেল।