বন্ধ হওয়া ট্রেন চলাচল শুরু
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। জালালাবাদ এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকালে সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি কালিপুর গ্রামে চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইন থেকে সরে যায়। এতে বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় উভয় দিকের বিভিন্ন স্টেশনে ঢাকা, আখাউড়া ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুর্ঘটনাকবলিত বগির চাকা তুলে লাইন পরিষ্কার করলে দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আবদুল মালেক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।