বন্ধ হচ্ছে চট্টগ্রামের যুক্তরাজ্য ভিসা কেন্দ্র
আগামী ১ এপ্রিল থেকে চট্টগ্রামের যুক্তরাজ্য ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাজ্য বহির্গমন সংস্থার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।যুক্তরাজ্যের ভিসা পেতে আগ্রহী চট্টগ্রামের লোকজনকে ঢাকা ও সিলেটের যুক্তরাজ্য ভিসা কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। ওই দুই ভিসা কেন্দ্রের যোগাযোগের বিস্তারিত বিবরণ ও ঠিকানা ভিসা ফেসিলিটেশন সেন্টারের (ভিএফএস) ওয়েবসাইটে (www.vfs-uk-bd.com) পাওয়া যাবে।উল্লেখ্য, যুক্তরাজ্যে যেতে আগ্রহীরা মূলত ভিএফএস থেকে ভিসা সংগ্রহ করে থাকেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসা পেতে আগ্রহী চট্টগ্রামবাসী যাঁরা ঢাকা ও সিলেটে তাঁদের আবেদনপত্র জমা দেবেন, তাঁরা চট্টগ্রামের ভিএফএসের দপ্তর থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রামে ভিএফএসের দপ্তরটি যুক্তরাজ্যের ভিসা ফরম ও অন্যান্য তথ্য দেওয়ার কাজ অব্যাহত রাখবে।