ব্রিটেনের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফোন হ্যাকিং বা ফোনে আড়ি পাতার কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে ১৬৮ বছরের পুরোনো এই সাপ্তাহিক পত্রিকাটি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১০ জুলাই এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হবে। প্রতি রোববার প্রকাশিত এই সাপ্তাহিক ট্যাবলয়েডের প্রচার সংখ্যা মোট ২৮ লাখ।পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান জেমস রুপার্ড মারডক জানিয়েছেন, অন্যায় কর্মকাণ্ডের জন্য পত্রিকাটির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই ১০ জুলাই রোববার এর সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হবে। এ সংখ্যায় কোনো বিজ্ঞাপন থাকবে না। সর্বশেষ সংখ্যার বিক্রি থেকে পাওয়া অর্থ কোনো ভালো কাজে ব্যয় করা হবে। অভিযোগ উঠেছে, ২০০২ সালে মিলি ডাওলার নামে একটি মেয়ে নিখোঁজ থাকার সময় পত্রিকাটি অর্থের বিনিময়ে তাঁর মুঠোফোন হ্যাক করে। অবশ্য পরে জানা যায়, ডাওলারের ফোনে আড়ি পাতার অনেক আগেই তাঁকে খুন করা হয়। এ রকম আরও অনেক খুন-ধর্ষণের শিকার, এমন ব্যক্তির পরিবারের অনেকের ফোনেও পত্রিকাটি আড়ি পাতে।ট্যাবলয়েডটি সেলিব্রিটিদের গোপন তথ্য ও যৌন কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জন্য বিখ্যাত। তবে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পাতার ঘটনা প্রকাশের পর পত্রিকাটিতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়ে যায়। এর পরই গতকাল বৃহস্পতিবার পত্রিকাটি বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।এই ট্যাবলয়েডকে নিয়ে বিতর্কের আঁচ যেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও ছাড়ছে না। কারণ, পত্রিকাটির একজন সাবেক কর্মকর্তা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। আরেকজন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসেন ছিলেন তাঁর সাবেক প্রধান মুখপাত্র।ফোনে আড়ি পাতার কেলেঙ্কারি বিশ্বে আলোড়ন সৃষ্টি করায় ডেভিড ক্যামেরন তদন্তের দাবিতে সায় দেন।এ কেলেঙ্কারির প্রেক্ষাপটে অবশ্য বিরোধী লেবার পার্টি পার্লামেন্টে বলেছে, নিউজ ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল বিস্কাইবির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, তা সরকারের ঠেকানো উচিত।নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটির সম্পাদক কলিন মাইলার বলেন, ‘এটি আমার পেশাগত জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। তবে এ কারণে বিখ্যাত পত্রিকাটির সব যশ-খ্যাতি ধুলোয় মিশে যেতে পারে না।’ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকাটি জানিয়েছে, হ্যাকিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অপরাধে ডেভিড ক্যামেরনের সাবেক প্রধান মুখপাত্র অ্যান্ডি কোলসনকে আজ শুক্রবার গ্রেপ্তার করা হতে পারে। পরবর্তী কয়েক দিনের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিককেও গ্রেপ্তার করা হতে পারে। রয়টার্স।