বন্ধ হচ্ছে ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’
জার্মানির হামবুর্গভিত্তিক ব্যবসাসংক্রান্ত সংবাদপত্র ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’ আগামী ৭ ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। এই পত্রিকার নির্বাহী গতকাল বুধবার কর্মীদের এ কথা জানিয়েছেন বলে ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে জানানো হয়। প্রকাশক গ্রুনার প্লাস ইয়ার গতকাল বুধবার ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’-এর ভাগ্য নির্ধারণ নিয়ে বৈঠক করেছে। তারা পত্রিকাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাত পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে পত্রিকার কর্মীরা বলছেন, আগামী ৭ ডিসেম্বর ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’ বন্ধ হয়ে যাবে বলে তাঁদের জানানো হয়েছে। এই খবরের বিষয়ে পত্রিকার প্রকাশকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তারা বলছে, সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই সবকিছু করা হবে। বিকল্প পন্থা হিসেবে ওয়েবে পত্রিকার প্রকাশনা চালু রাখার বিষয়টিও ভাবা হচ্ছে। ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’-এর কর্মী ও ইউনিয়ন এমন অস্থির অবস্থার কড়া সমালোচনা করেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের নির্বাহী পর্ষদের এক সদস্য পত্রিকাটি টিকিয়ে রাখার অনুরোধ জানিয়ে সম্পাদককে চিঠি লিখেছেন।একটি আধুনিক ও স্বাধীন পত্রিকা হিসেবে ২০০০ সালে ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’ যাত্রা শুরু করে। ২০০৮ সালের শুরুর দিকে প্রকাশক পিয়ারসন এর ৫০ শতাংশ শেয়ার গ্রুনার প্লাস ইয়ার-এর কাছে বিক্রি করে দেন। পত্রিকার প্রচারসংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার। তবে শুরু থেকে এখন পর্যন্ত পত্রিকাটি কখনো লাভের মুখ দেখেনি। পত্রিকার মালিক চলতি বছর এক কোটি ৫০ লাখ ইউরো ক্ষতির সম্মুখীন হন। আর ১২ বছরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ইউরো।ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিকে বিবেচনা করা হয় মুদ্রণ পত্রিকার সবচেয়ে বড় বাজার। কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে। কয়েক বছর ধরে ইউরো জোনে চলমান ঋণ-সংকটের কারণে জার্মানির অর্থনীতির গতি বেশ মন্থর। এতে পত্রিকায় বিজ্ঞাপন কমে গেছে। অনলাইন সংবাদপত্রের কারণে পাঠকও এখন আর টাকা খরচ করে কাগজের পত্রিকা কেনায় আগ্রহ দেখাচ্ছে না। ‘ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড’ পত্রিকার প্রকাশনা বন্ধের বিষয়টি জার্মানির গণমাধ্যম ব্যবসায় একটা বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে।