বন্ধু, কী খবর বল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার গ্যারি সোবার্সকে নিয়ে কথাই শেষ হয় না। কবে স্কুলে থাকতে প্রথম কেনসিংটন ওভালে প্রথম টেস্ট দেখতে গিয়ে সোবার্সকে দেখেছিলেন, সেটির সবিস্তার বর্ণনা। মাঝেমধ্যেই যে স্যার গ্যারির সঙ্গে দেখা হয়, সেসবও শুনলাম। শুনলাম এবং একটুও অবাক হলাম না। বারবাডোজে তো কম আসা হলো না। আগের অভিজ্ঞতা থেকে জানি, সব ট্যাক্সি ড্রাইভারেরই সোবার্সকে নিয়ে কোনো না কোনো গল্প আছে। জোসেফ মেয়ার্স ব্যতিক্রম হবেন কেন? এটাও খুব একটা ব্যতিক্রমী নয় যে ক্রিকেট নিয়ে মেয়ার্সের স্মৃতিচারণা লয়েড-রিচার্ডসের যুগে এসেই শেষ হয়ে যাচ্ছে! বুধবার কেনসিংটন ওভালে যাবেন নাকি—প্রশ্ন শুনে মাথা নাড়তে নাড়তে বললেন, ‘না না, এখন আর কেনসিংটন ওভালে যাই না।’ না যাওয়ার যে কারণটা বললেন, সেটিও আগেই অনুমান করে রেখেছিলাম। ওয়েস্ট ইন্ডিজ কী ছিল আর কী হয়েছে—সেই আক্ষেপ। নিয়মমতো সমবেদনাও জানালাম। ৬৩ বছর বয়সী জোসেফ মেয়ার্সের পরের কথাটা অবশ্য বুঝিয়ে দিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে আর আগ্রহ নেই বলে যতই দাবি করুন, খোঁজখবর ঠিকই রাখেন। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ যে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে, সেই খবরটা তো তাঁর কাছ থেকেই পেলাম।ওই আপাত উদাসীনতা যেমন সত্যি, তেমনি সত্যি সেটির আড়ালে ক্রিকেটের ফল্গুধারা বয়ে যাওয়াও। ক্রিকেট যে বারবাডোজের নিঃশ্বাসে-প্রশ্বাসে। বাজানরা বারবাডোজকে ‘ক্যাপিটাল অব ওয়ার্ল্ড ক্রিকেট’ বলেও দাবি করে। খুব অযৌক্তিক দাবি নয়। পুঁচকে এই দ্বীপ থেকে বেরিয়েছে ৭৩ জন টেস্ট ক্রিকেটার। প্রতি বর্গমাইল ধরে হিসাব করলে আর কোনো দেশ এর কাছে পাত্তাও পাবে না। একমাত্র ব্রিজটাউনেই সম্ভবত ক্রিকেটারদের নামে রাস্তার গোলচক্করের নাম। সেটিও এক নয়, একাধিক।সেন্ট লুসিয়া থেকে বারবাডোজে আসতে আসতে সোমবার রাত প্রায় নয়টা বেজে গেল। না ভাই, লিয়াটের দোষ নয়। গতবারের ভয়াবহ অভিজ্ঞতার কারণে লিয়াটের ফ্লাইটে ওঠার আগে এবারও ভয়ে ভয়ে থাকি। নামার পরেও। নামার আগে ভয় প্লেন সময়মতো ছাড়বে কি না, তা নিয়ে। নামার পর ভয় স্যুটকেস পাওয়া নিয়ে। গতবার আমার লেখাগুলো পড়ে (!) লজ্জা পেয়েই কি না, এবার লিয়াট এখন পর্যন্ত একেবারে পারফেক্ট। ঘড়ির কাঁটা ধরে প্লেন ছাড়ছে! নেমে স্যুটকেসও পেয়ে যাচ্ছি! আর একবার শুধু সেন্ট লুসিয়া যাওয়া-আসা আছে। সেটিও এমন ধারা অনুসরণ করলে লিয়াটের লোকজনের কাছে ক্ষমা-টমা চাইবার কথাও ভাবছি!বারবাডোজ পৌঁছুতে রাত হওয়ারই কথা ছিল। সেন্ট লুসিয়া থেকে ফ্লাইটই ছিল সাতটা পঞ্চাশে। হোটেলে স্যুটকেসটা রেখেই বাংলাদেশ দলের খোঁজখবর নিতে আক্রা বিচ রিসোর্টে ছুট। বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে অবশ্য পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গেই বেশি দেখা হলো। এটা অবশ্য একদমই অপ্রত্যাশিত নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আলতু-ফালতু অনেক কথা হয়েছে। ও সব একদম বিশ্বাস করবেন না। বাংলাদেশের ক্রিকেটাররা অনেক রাত পর্যন্ত বাইরে থাকবে কি, আশপাশে চোখ মেলে দেখার অভ্যাসও ওদের নেই। হোটেলে রুমবন্দী থাকতেই তাঁদের আনন্দ!পাকিস্তানের সাত-আটজন ক্রিকেটার সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছেন। শুনলাম সালমান বাট বাকিদের জ্ঞান বিতরণ করছেন, ‘যো লোগোগো পাছ একস্ট্রা প্যায়সা হ্যায় না, ও-ই লোগো ইধার আতা হ্যায়।’ (আমার হিন্দি-উর্দু জ্ঞান ভয়াবহ, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন)।পাকিস্তান দলের অনেকের এটাই প্রথম ক্যারিবিয়ান ট্যুর। সবকিছুর অগ্নিমূল্য দেখে বিস্মিত যাঁরা, তাঁদের উদ্দেশেই বাটের ওই কথা বলে অনুমান করছি। ফেরার সময় দেখি, লবিতে একটা দণ্ডায়মান আড্ডা চলছে। ওয়াকার ইউনিস, ইজাজ আহমেদ, রমিজ রাজার সঙ্গে রবি শাস্ত্রী ও হার্শা ভোগলে। একই ফ্লাইটে এসেছি, শাস্ত্রী-রাজার সঙ্গে প্লেনেই দেখা হয়েছে।আক্রা বিচ রিসোর্টের সামনেই একটা বড় শপিং মল। খাবারের দোকানই বেশি। গিয়ে দেখি সব বন্ধ হয়ে গেছে। একটা বার শুধু খোলা। সেটিতে গিয়ে পরামর্শ পেলাম, এই পাশেই শ্যাফেট নামে ফাস্ট ফুডের দোকানটা রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। ওয়াকার, ইজাজ আর রমিজও একই পথ অনুসরণ করে শ্যাফেটে। ওয়াকার অনেক দিনই দাড়ি রেখেছেন। ইজাজের মুখেও দাড়ি। একসময়কার দুই সতীর্থ এখন একই ভূমিকায়—কোচিংয়ের দায়িত্বে। দাড়িটা একই রকম হওয়ার সঙ্গে নিশ্চয়ই সেটির কোনো সম্পর্ক নেই। দুজনেরই থুতনির ওখানটায় পাকা দাড়ি। রমিজ রাজা বরাবরের মতোই ক্লিন শেভড। ডাকনাম র‌্যাম্বো, দাড়ি রাখলে তাঁকে মানায় নাকি!খাবার নিয়ে একটু দূরের টেবিলে বসে তিনজনের তুমুল আড্ডা। ইমরানের দলে একসঙ্গে খেলেছেন। ওয়াকার শেষ মুহূর্তে পিঠের চোটের কারণে ছিটকে না পড়লে ‘১৯৯২ বিশ্বকাপজয়ী সদস্য’ বলে অন্য দুজনের সঙ্গে তাঁকে আরও মিলিয়ে দেওয়া যেত। এত বছর একসঙ্গে খেলা, প্লেনে-এয়ারপোর্টে-হোটেলে কত স্মৃতি! শোভন হবে না জেনেও ওদের আড্ডায় তাই কান পাততে ইচ্ছা করল। তাতে যতটুকু বুঝলাম, পুরোনো সেই দিনের কথাই হচ্ছে।ওয়াকার-ইজাজের তো এখন নিত্যদিনই দেখা-সাক্ষাৎ হয়। রমিজের সঙ্গে তো আর তা নয়। তিনজনের আড্ডার দৃশ্য দেখে আমার কানে সুমনের গুনগুন—বন্ধু, কী খবর বল্...কত দিন দেখা হয়নি!