বন্ধু এখন শত্রু
মাত্র কয়েক বছর আগের কথা। তাঁরা দুজনে ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু, এখন ঘোরতর শত্রু।অনেক পশ্চিমা নেতার সঙ্গেই গাদ্দাফির সুসম্পর্ক ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তাঁদের মধ্যে অন্যতম। অথচ হঠাত্ সব হিসেব-নিকেশ উল্টে গেছে। লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্যকার সম্পর্ক এখন সাপে-নেউলে।গাদ্দাফির সঙ্গে সারকোজির সম্পর্ক বুঝতে আমাদের ফিরে তাকাতে হবে একটু অতীতে। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম সম্প্রতি ইউরোনিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে দাবি করেছেন, ২০০৭ সালে সারকোজির নির্বাচনী প্রচারণায় অর্থ সহায়তা দিয়েছে গাদ্দাফি সরকার। ওই অর্থ ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন সারকোজি। সারকোজিকে দেওয়া অর্থের যাবতীয় তথ্যপ্রমাণও লিবিয়ার কাছে আছে বলে দাবি করেছেন সাইফ।সাইফের দাবিকে সারকোজি ভিত্তিহীন প্রচারণা বলে উল্লেখ করেছেন। কিন্তু এই সারকোজিই ২০০৭ সালের ডিসেম্বরে প্যারিসে গাদ্দাফিকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। তখন তিনি গাদ্দাফির প্রশংসায় হয়েছিলেন পঞ্চমুখ। সাংবাদিকদের সারকোজি বলেছিলেন, আরব বিশ্বে গাদ্দাফিকে স্বৈরাচার হিসেবে দেখা হয় না। তিনি কেবল দীর্ঘদিন ধরে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। গাদ্দাফির ওই সফরে লিবিয়ার কাছে ফ্রান্স যুদ্ধবিমান এবং এয়ারবাস বিক্রি করেছে। যার সম্ভাব্য মূল্য ১০ বিলিয়ন ইউরো বলে তখন শোনা যাচ্ছিল। ফ্রান্স সরকার পরে অবশ্য ঘোষণা দেয়, ওই চুক্তির মূল্য ছিল তিন বিলিয়ন ইউরো। এ চুক্তির ফলে ফ্রান্সে ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়।ইতিহাসের নির্মম নিষ্ঠুরতা, লিবিয়ায় হামলার ব্যাপারে পশ্চিমাদের মধ্যে সারকোজিই ছিলেন অতি উত্সাহী। সারকোজি একসময় যাঁকে জনপ্রিয় রাষ্ট্রনায়ক বলে আখ্যা দিয়েছিলেন, তাঁর চোখে সেই গাদ্দাফি এবার স্বৈরশাসক। স্বৈরশাসক গাদ্দাফির নিপীড়ন থেকে লিবিয়ার জনগণকে রক্ষা করতে তিনি মরিয়া হয়ে ওঠেন। অথচ এই সারকোজিই তিউনিসিয়ার গণ-অভ্যুত্থানের সময় ছিলেন নিশ্চুপ। এমনকি তাঁর সরকার ওই গণ-অভ্যুত্থানের সময় বেন আলীকে সহায়তাও করতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, মিসর, ইয়েমেন, বাহরাইন কিংবা সিরিয়ার ব্যাপারে সারকোজির কোনো উচ্চবাচ্য শোনা যায় না। ঘরে-বাইরে সারকোজির অবস্থা খুব একটা ভালো না। তিনি হয়তো ভেবেছেন, লিবিয়ায় হামলা করে তিনি ফ্রান্সের সুনাম বাড়াবেন।কিন্তু এ যুদ্ধের ভবিষ্যত্ নিয়ে অনেকেরই মধ্যে ধোঁয়াশা কাজ করছে। গাদ্দাফির পতনের পর লিবিয়ার ভাগ্য কী হবে, তার কোনো সদুত্তর কারও কাছেই নেই।যুক্তরাষ্ট্র কোনো মতেই লিবিয়া যুদ্ধের নেতৃত্ব নিতে রাজি নয়; তারা চায় পেছন থেকে কলকাঠি নাড়তে। ইরাক যুদ্ধের মতো লিবিয়া যুদ্ধে ব্রিটেনের অতি উত্সাহী ভাব অনুপস্থিত। জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলেরও লিবিয়ায় হামলা চালাতে পুরোপুরি মত ছিল না। ইতালির প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনিও এ ঝুঁকি নিতে সাহস দেখাননি। সব শেষ এখন লিবিয়া যুদ্ধের দায়িত্ব চাপানো হয়েছে ন্যাটোর কাঁধে।বিশ্লেষকেরা বলছেন, লিবিয়ার নেতৃত্বে পরিবর্তন আরব বিশ্বে পরিবর্তন সূচিত করবে। আর এ যুদ্ধের জন্ম যেহেতু প্যারিসে, তাই ইউরোপেও এর প্রভাব পড়বে। কিন্তু পশ্চিমারা যদি লিবিয়ায় ব্যর্থ হয়, তবে তা ইউরোপেরও ব্যর্থতা। সে ব্যর্থতার দায় অনেকখানিই বইতে হবে ফ্রান্সকে। এ ধরনের দায়ভার বহন করার রাজনৈতিক সক্ষমতা সারকোজির আদৌ আছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। ওয়েবসাইট অবলম্বনে।