বন্ধু তুমি শত্রু তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ফুটবলে তাঁরা লড়াই করেন একই জার্সি গায়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। সেই সব তারকাকে এবার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে বিশ্বকাপ। শুধু ক্লাব সতীর্থ নয়, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবার মুখোমুখি দুই ভাই—লিখেছেন রাজীব হাসানরিচার্ড উইলিয়ামসের ফোন নম্বরটা কি আপনাদের কারও কাছে আছে? থাকলে প্লিজ, সেটি পাঠিয়ে দেবেন প্রিন্স বোয়েটাংকে। ভদ্রলোক যে সমস্যার পাঁকে পড়েছেন, সেটা থেকে উদ্ধার করতে পারেন কেবল রিচার্ডই!২৩ জুন প্রিন্স যে অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন, সেই অভিজ্ঞতা এরই মধ্যে ২৩ বার হয়েই গেছে রিচার্ড উইলিয়ামসের। হূদয়কে বাস্তবতার করাত দিয়ে কেটে দুই ভাগ করে ফেলার অভিজ্ঞতা। ভেনাস-সেরেনা যেদিন কোর্টে মুখোমুখি হন একে অন্যের, উইলিয়ামস পরিবারে খেলা করে বিষাদের ছায়া। একজনের জয়ের রৌদ্রোজ্জ্বল আনন্দ ঢেকে যায় অন্যের পরাজয়ের বেদনার মেঘে।এবার ফুটবল বিশ্বকাপে ২৩ জুন মুখোমুখি হচ্ছে ঘানা আর জার্মানি। মুখোমুখি হচ্ছেন দুই বোয়েটাং ভাইও। জার্মানি দলে আছেন ছোট ভাই, ২১ বছর বয়সী জেরোম বোয়েটাং। বড় ভাই, ২৩ বছর বয়সী কেভিন-প্রিন্স বোয়েটাং আছেন ঘানার বিশ্বকাপ দলে। বিশ্বকাপে বন্ধুত্ব শিকেয় তুলে মাঠে নামবেন অনেকেই। গ্রুপ পর্বেই যেমন মুখোমুখি হচ্ছেন দুই রিয়াল মাদ্রিদ মহাতারকা কাকা আর ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরও ‘অখ্যাত’ বোয়েটাং ভাইদের প্রসঙ্গই শুরুতে এল কেন?কারণ, ২৩ জুনের ম্যাচটা খেললে একটা ইতিহাসও গড়ে ফেলবেন এই দুজন। বিশ্বকাপে মুখোমুখি হওয়া প্রথম দুই ভাইয়ের রেকর্ড গড়বেন বোয়েটাংরা। কারণ আছে আরও একটি—মাইকেল বালাকের বিশ্বকাপ-স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার পেছনে বড় বোয়েটাংয়ের হাত থাকা। গত মাসে এফএ কাপের ফাইনালে কেভিন-প্রিন্সের বাজে ট্যাকলের শিকার হয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন জার্মান অধিনায়ক। তখনই শঙ্কায় বুক কেঁপে উঠেছিল জার্মানির। সেই শঙ্কা সত্যি প্রমাণ হয়েছে কদিন পর।শুরু হয়ে গিয়েছিল ষড়যন্ত্র-তত্ত্ব। দুইয়ে দুইয়ে পাঁচ মিলিয়ে কেউ কেউ এমনো বলেছে, জার্মানির গ্রুপ প্রতিপক্ষ ঘানার কেভিন-প্রিন্স ইচ্ছে করেই এমনটা করেছেন! বিতর্কটি বোয়েটাং পরিবারের জন্য কতটা অস্বস্তিকর ভেবে দেখুন, এই পরিবারের দুই ছেলে যে দুই দলে! ২৩ জুন, ঈশ্বর না করুন, এই দুই ভাইকে নিয়ে না আবার নতুন কোনো বিতর্ক শুরু হয়।অবশ্য ২৩ জুন দিনটার চেয়ে পয়লা জুলাইয়ের রাশিফল বুঝি বেশি অপয়া। গত বিশ্বকাপে এই দিনেই দুই বন্ধুর ‘চিরশত্রু’ হয়ে যাওয়ার দশা হয়েছিল। রুনিকে লাল কার্ড দেখাতে রেফারিকে ‘প্ররোচিত’ করেছিলেন তখনকার ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো। এ নিয়ে ইংলিশ মিডিয়ায় তুলোধুনো হলেন। অস্বস্তিকর তিতকুটে এক পরিস্থিতি তৈরি হলো। যার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোনালদো ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে ব্যাকুল হয়ে উঠলেন। শেষ পর্যন্ত তো চলে এলেন রিয়ালে।শিরোপার মূল দাবিদার দলগুলো কে কার মুখোমুখি হচ্ছে সেটি দ্বিতীয় রাউন্ডের আগ পর্যন্ত বলা যাচ্ছে না। এবারও রুনি বনাম রোনালদো কোনো বারুদ-জ্বলা ম্যাচ দেখা যাবে কি না কে জানে। তবে ভাগ্যের বেঁধে দেওয়া পথ ধরে হেঁটে সেই রোনালদো আবারও মুখোমুখি হচ্ছেন তাঁর নতুন ক্লাবের নতুন সতীর্থ কাকার, ২৫ জুন। মৃত্যুকূপ ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে এই দুই দল। প্রথম দুই ম্যাচের ফলাফল অপ্রত্যাশিত হলে এই ম্যাচটা হয়ে উঠতে পারে দ্বিতীয় রাউন্ডের বৈতরণী। স্পর্শকাতর পরিস্থিতিতে সামান্য টোকাটিও জ্বালিয়ে দিতে পারে উত্তেজনার আগুন।রোনালদোর মতোই তাঁর সতীর্থ রিকার্ডো কারভালহোকেও দিতে হবে একই পরীক্ষা। এই গ্রুপে আইভরিকোস্টও আছে। এখানেই বন্ধুতাকে অন্তত ৯০ মিনিটের জন্য ভুলে যেতে হবে কারভালহোকে। চেলসির হয়ে এই মৌসুমে ৪৪ ম্যাচে ৩৭ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা দিদিয়ের দ্রগবাকে এবার তাঁর ক্লাব সতীর্থ কারভালহোকে দাঁড় করিয়ে দেবেন চ্যালেঞ্জের সামনে। রক্ষণে কারভালহোকে সামলাতে হবে আরেক ক্লাব সতীর্থ সলোমন কালুকেও। ম্যাচটি ১৫ জুন।দুদিন পরই থিয়েরি অঁরি মুখোমুখি হবেন তাঁর বার্সেলোনা সতীর্থ রাফা মার্কেজের। অঁরি যেমন ফ্রান্সের অধিনায়ক, তেমনি মার্কেজের বাহুতে থাকবে মেক্সিকো অধিনায়কের আর্মব্যান্ড। দুজনের জন্য এটাই হয়ে যেতে পারে শেষ বিশ্বকাপ। মাঠে দুজনের পজিশনের কারণে আক্ষরিক অর্থেই মুখোমুখি হচ্ছেন এই দুজন। মাঝেমধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা নিলেও মার্কেজ আদতে সেন্টার ব্যাক, রক্ষণ সামলানোই মূল কাজ। আর অঁরি পুরোদস্তুর স্ট্রাইকার, মার্কেজদের রক্ষণে হামলা চালানোই যাঁর লক্ষ্য। এই আক্রমণ এবং প্রতিহত কতটা জমে সেটি জানা যাবে শিগগিরই।ইন্টার মিলানের ঐতিহাসিক শিরোপাত্রয়ীর সাফল্য-বিধৌত এই মৌসুমে কাঁধ মিলিয়ে লড়েছিলেন ওয়েসলি স্নাইডার আর স্যামুয়েল ইতো। মাঝমাঠে বল বানিয়ে ইতোর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল স্নাইডারের। ২৪ জুন কেপটাউন্ডের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে ভিন্ন ভিন্ন জার্সিতে দেখা যাবে এই দুজনকে। এবার তাঁরা মাঠে নামবেন একে অন্যের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞায়। মুখোমুখি হবেই দুই আর্সেনাল সতীর্থ অ্যালেক্স সং আর রবিন ফন পার্সিও।এত এত লড়াই, সেটি আরও জমবে দ্বিতীয় রাউন্ড থেকে। তবে এরই ভিড়ে ২৩ জুন রাত বাংলাদেশ সময় সাড়ে ১২টায় ঘানা-জার্মানি ম্যাচ দেখতে ভুলবে না। মাঠের লড়াই তো বটেই, ৫৬ বছর বয়সী প্রিন্স বোয়েটাং কী করেন, সেটাও তো বিশেষ দ্রষ্টব্য! বেঁচে থাকলে ম্যাচটা গভীর আগ্রহ নিয়ে দেখতেন হেলমুট রানও। ১৯৫৪ সালে জার্মানিকে প্রথম শিরোপার স্বাদ এনে দেওয়া গোলটি করা রান যে আবার সম্পর্কে বোয়েটাং ভাইদের নানা!