বন্ধু ভয়ংকর
বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে ওই মেয়েসহ নিজ বাসায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী দম্পতি। গতকাল শনিবার ভোর রাতে রাজধানীর কলাবাগানে এ ঘটনা ঘটে। মা-বাবা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলশানের কালাচাঁদপুরে বখাটেদের হাতে দম্পতি খুনের রেশ কাটতে না-কাটতেই রাজধানীতে এ ঘটনা ঘটল। কলাবাগানের ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলী (২৩) বেসরকারি ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (ডিআইআইটি) পড়তেন। সহপাঠী বন্ধুর (২১) বাসায় এসে তিনি এ জঘন্য হামলা চালান। মেয়ের গলায় চাপাতি চালানোর সময় তাঁর চিত্কারে বাবা আমিনুর রহমান (৫৮), মা রোখসানা মমতাজ (৪৫) ছুটে এলে তাঁদেরও এলোপাতাড়ি কোপান আশরাফ।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রাথমিক তদন্তে ও মামলার এজাহারে পাওয়া তথ্য উদ্ধৃত করে প্রথম আলোকে বলেন, আশরাফ আর তার বন্ধু মেয়েটি একসঙ্গে ডিআইআইটিতে পড়তেন। আশরাফ একসঙ্গে লেখাপড়ার জন্য প্রায়ই বন্ধুর বাসায় যেতেন। এরপর আশরাফ কিছুদিনের জন্য কানাডায় যান এবং ফিরে আসেন।আহত ব্যক্তিদের বক্তব্য উদ্ধৃত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশরাফ ৮৯ কলাবাগানের (দ্বিতীয় লেন) তৃতীয় তলায় বন্ধুর বাসায় যান। রাতের খাবার ও গল্পগুজবের পর পৌনে ১২টার দিকে আশরাফ হঠাৎ তাঁর ব্যাগ থেকে চাপাতি বের করে সবাইকে জিম্মি করেন। বাসায় ব্যবসায়ী দম্পতি, তাঁদের দুই মেয়ে ও তিনজন গৃহকর্মী ছিলেন। আশরাফ বাড়ির সবার মোবাইল ফোন ছিনিয়ে নেন। টিঅ্যান্ডটি ফোনের সংযোগও ছিঁড়ে ফেলেন। সবাইকে জিম্মি করে আমিনুর রহমানের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। আশরাফ জানান, তিনি একজনকে ভালোবাসেন, তাঁকে বিয়ে করতে চান। সে জন্য টাকার দরকার। আমিনুর রহমান তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে ৫০ হাজার টাকার একটি চেক (প্রাইম ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা) দেন। চেকটি পেয়ে আশরাফ সবার কাছে তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি সবাইকে ঘুমাতে যেতে বলেন। তখন রাত সাড়ে ১২টা বা পৌনে একটা বাজে।ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহত ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী এরপর আশরাফ ড্রয়িংরুমে বসে তাঁর বন্ধু ব্যবসায়ীর ছোট মেয়ের সঙ্গে গল্প করতে থাকেন। পৌনে পাঁচটার দিকে মেয়ের চিত্কার শুনে তাঁর বাবা দৌড়ে ড্রইংরুমে গিয়ে দেখেন, আশরাফ মেয়েটির গলায় চাপাতি দিয়ে আঘাত করছেন। তিনি বাধা দিতে গেলে আশরাফ তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় মেয়েটির মা এগিয়ে এলে তাঁকেও কোপান আশরাফ।আহত ব্যক্তিরা জানান, গৃহকর্মীরা বঁটি নিয়ে এগিয়ে গেলে আশরাফ তাঁদের ও বড় মেয়ের কোনো ক্ষতি করতে পারেননি। এ সময় বাসার সবার চিত্কার শুনে দোতলার লোকজন পুলিশকে ফোন করলে পুলিশের একটি টহল দল এগিয়ে আসে। পুলিশ বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ব্যবসায়ীর বড় মেয়ে জানান, চিত্কার শুনে বাড়ির দারোয়ান জসীমউদ্দীন দোতলায় উঠে আসেন। তিনি আশরাফকে ছাদের দিকে উঠতে দেখেন। ধারণা করা হচ্ছে, তিনি পাইপ বেয়ে পালিয়েছেন।পুলিশ ও র্যাব কর্মকর্তাদের মতে, প্রথম দফায় মাঝরাতে জিম্মির পরই যদি তাঁরা পুলিশকে জানাতেন, তবে এমন ভয়াবহ ঘটনা ঘটত না।ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, আশরাফ এবং ওই মেয়েটি ২০০৭ সালে ডিআইআইটিতে ভর্তি হন। এক বছর পড়ার পরই আশরাফ কানাডায় চলে যান। আশরাফ ছাত্র হিসেবে ভালো।ওই বিশ্ববিদ্যালয়ে আশরাফের সাবেক কয়েকজন সহপাঠী জানান, আশরাফের সঙ্গে বিশ্ববিদ্যালয়েরই অন্য একটি মেয়ের প্রেম ছিল।বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে আশরাফের ঠিকানা দেওয়া রয়েছে মিরপুর ১০ নম্বরের একটি বাসার। কিন্তু পুলিশ ওই বাসায় গিয়ে জানতে পেরেছে, আশরাফ অনেক আগেই ওই বাসা ছেড়ে দিয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুর উল্লেখ করা হলেও পূর্ণাঙ্গ ঠিকানা নেই। তাঁর বাবার নাম বেলায়েত হোসেন।ঘটনার পর আশরাফকে আসামি করে কলাবাগান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।