বন্ধু যখন অপহরণকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের। কিন্তু অর্থ নিয়ে মতবিরোধ হওয়ায় একজন অপহরণ করলেন আরেকজনকে। আটকে রাখলেন টানা চার দিন। চলল নির্যাতন।ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয় অপহূত রানা পারভেজকে। আর থানায় দেওয়া হয়েছে অপহরণকারী সোহাগ হোসেনকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃিশল্প বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রানা পারভেজ চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোহাগকে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে জানান, সোহাগ তাঁর আরও কয়েকজন সহযোগীকে নিয়ে রানাকে অপহরণ করেছিলেন। বিষয়টি তাঁর পরিবারকে জানালে আজ বিকেলে শাহনেওয়াজ হলের ১০ নম্বর কক্ষ থেকে রানাকে উদ্ধার এবং সোহাগকে আটক করা হয়। সাজেদুল হক শুভ নামের ভাস্কর্য বিভাগের আরেক ছাত্র তাঁকে সহযোগিতা করেছেন বলে সোহাগ জানিয়েছেন। সোহাগের বিরুদ্ধে আরও একটি অপহরণের অভিযোগ রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।রানা পারভেজ জানান, নবম শ্রেণী থেকে তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। ৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছেন। এরপর ৬ ফেব্রুয়ারি ল্যাবএইডের সামনে থেকে সোহাগ তাঁর সহযোগী মিঠুর মোটরবাইকে করে তাঁকে শাহনেওয়াজ হলে নিয়ে আসেন। সেখানে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে মুঠোফোনে তাঁর মামাকে পাঁচ লাখ টাকা দেওয়ার দাবি করা হয়।রানার মামা তাজুল ইসলাম জানান, ভাগনের ফোন পেয়ে গতকাল বুধবার তিনি র্যাব-৩-কে বিষয়টি জানান এবং রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা ও প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় রানাকে উদ্ধার করা হয়।জানা গেছে, রানার সহযোগিতায় ২০১০ সালে সোহাগ চীনে পড়াশোনা করতে যান। এ জন্য রানার সঙ্গে তাঁর ২৫ হাজার ডলারের একটি চুক্তি হয়েছিল। চীনের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় কিছুদিন পরেই সোহাগ দেশে ফিরে আসেন।সোহাগের অভিযোগ, রানা তাঁর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছিলেন। সেই টাকা ফিরে পেতেই তিনি আটক করেছিলেন রানাকে।এ বিষয়ে জানতে চাইলে রানা বলেন, ‘চুক্তি অনুযায়ী তাকে চীনে নিয়েছিলাম। সে ইংরেজি ভাষা ভালো না জানার কারণে চীন থেকে চলে আসে।’ সমপরিমাণ অর্থ নিয়ে আরও ১০-১২ জন ছাত্রকে তিনি চীনে নিয়েছেন বলে জানান।