বন্ধু রিকশাওয়ালার ছেলের বিয়েতে যাবেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের বেনারসে রিকশা চালান রাম লক্ষ্মণ। সম্প্রতি মুম্বাই গিয়ে ছেলের বিয়েতে আমির খানকে দাওয়াত দিয়ে এসেছেন লক্ষ্মণ। আমির খানও তাঁর ‘বন্ধু’ লক্ষ্মণের ছেলের বিয়েতে যাবেন বলেই মনস্থ করেছেন। কাজের শত ব্যস্ততা সত্ত্বেও বন্ধু স্থানীয় লক্ষ্মণের ছেলের বিয়েতে হাজির হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এই ‘থ্রি ইডিয়টস’ তারকা। এক খবরে জানিয়েছে পিটিআই।কিন্তু বেনারসের রিকশাওয়ালা রাম লক্ষ্মণের সঙ্গে আমিরের বন্ধুত্ব! বিষয়টি কি খানিক গোলমেলে ঠেকছে না?আড়াই বছর আগে থ্রি ইডিয়টস ছবির প্রচারণার কাজে বেনারসে গিয়েছিলেন আমির। সে সময় কোনো দেহরক্ষী ছাড়াই সেখানে তিন দিন কাটিয়েছিলেন তিনি। বৃদ্ধের ছদ্মবেশে বেনারসের বিভিন্ন স্থানে যখন ছবির প্রচারণায় অংশ নিতেন তিনি সে সময়ে তাঁকে রিকশায় করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন লক্ষ্মণ। সেই সুবাদেই আমিরের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাঁর। মাত্র তিন দিনেই ভালো বন্ধু বনে যান তাঁরা। সম্প্রতি ছেলের বিয়েতে বন্ধুকে আমন্ত্রণ জানাতে সুদূর বেনারস থেকে তাই মুম্বাই এসেছিলেন লক্ষণ। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘ছেলের বিয়েতে আমিরকে দাওয়াত দিতে মুম্বাই এসেছিলেন রাম লক্ষ্মণ। বিষয়টি আমিরকে অন্য রকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। লক্ষ্মণের ব্যবহারে আমির এতটাই মুগ্ধ যে, কাজের শত ব্যস্ততা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা।’