বন্ধু হত্যার দায়ে তিনজনের ফাঁসি
রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাদিমুজ্জামান ওরফে সাদ হত্যা মামলার রায়ে তাঁর তিন বন্ধুর ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমদ এই দণ্ডাদেশ দেন। ফাঁসির দণ্ড পেয়েছেন নাদিমুজ্জামানের বাল্যবন্ধু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার আবদুল আলীমের ছেলে আল আওয়াল কোয়েল (২০), একই এলাকার রেজাউল করিম সেলিমের ছেলে সুইট রেজা (২১) ও নাচোল উপজেলার গোলাবাড়ি কোয়ার্টারপাড়ার আলীম উদ্দিনের ছেলে মাসুদ আলী ওরফে শাওন (১৯)। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকার আবুল কালামের ছেলে কায়সার আহাম্মেদ ওরফে অনিককে (২০)। মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা হলেন: রাজশাহীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকার রবিউল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ওরফে বিপু (২০) ও সুইট রেজার বান্ধবী নগরের হাজরা পুকুর এলাকার ইশরা হক ওরফে ঐশী (১৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি নাদিমুজ্জামানকে পিকনিকের কথা বলে ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে আর তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় ২৪ জানুয়ারি মাসুদ আলী ওরফে শাওন, কায়সার আহাম্মেদ ওরফে অনিক ও রাশেদুল ইসলাম ওরফে বিপুকে র্যাব আটক করে। জিজ্ঞাসাবাদে ওই তিনজনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ২৫ জানুয়ারি বিকেলে নগরের শিরোইল মঠপুকুর এলাকার মাহমুদা বেগমের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাদিমুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির নিচতলার একটি কক্ষে তাঁকে হত্যা করা হয়। এই তিনজনের দেওয়া তথ্য ও তাঁদের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে পুলিশ অপর তিনজনকে গ্রেপ্তার করে। এ মামলায় বোয়ালিয়া থানার তত্কালীন উপপরিদর্শক আলমগীর জাহান গত ১৯ মে ছয় আসামির নামে আদালতে অভিযোগপত্র দেন।