বন্ধুকে হত্যার কথা স্বীকার করলেন জ্যোতির্ময়
বন্ধু মাহাবুব আলমকে হত্যার কথা স্বীকার করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র জ্যোতির্ময় সরকার। গতকাল রোববার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি বন্ধুকে হত্যার কথা স্বীকার করেন।নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর বাজারের ব্যবসায়ী মাহাবুব আলম হত্যা মামলার আসামি জোতির্ময় সরকারকে গতকাল বেলা ১১টার দিকে আদালতে হাজির করে পুলিশ। বেলা সোয়া দুইটার দিকে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তারিক মোর্শেদ সিদ্দিকীর আদালতে তাঁর জবানবন্দি গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল পৌনে পাঁচটার দিকে। আদালতের একটি দায়িত্বশীল সূত্র জ্যোতির্ময়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করলেও তিনি জবানবন্দিতে কী বলেছেন তা জানাতে পারেনি। জবানবন্দি গ্রহণের পর পরই সংশ্লিষ্ট বিচারক তাঁর খাস কামরা ত্যাগ করেন। জবানবন্দি সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তাও কিছু জানাতে পারেননি।তবে আদালত থেকে বের হয়ে জোতির্ময় সরকার সাংবাদিকদের বলেন, ‘আমি বিচারকের কাছে মাহাবুবকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছি। আমি বলেছি, মাহাবুব ছিল একজন মাদক ব্যবসায়ী ও সুদখোর। সে আমার মতো অনেক ছেলের জীবন নষ্ট করেছে। এর প্রতিশোধ নিতেই আমরা তাকে খুন করেছি।’জ্যোতির্ময় আরও বলেন, ‘খুন করার সময় আমি নেশাগ্রস্ত ছিলাম। নেশা কেটে যাওয়ার পর আমি আমার ভুল বুঝতে পারি। আমি বর্তমানে অনুতপ্ত।’মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, জবানবন্দি দেওয়ার পর আদালত পরিদর্শকের কক্ষে জ্যোতির্ময়কে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়। এ সময় বাবা জগদীশ সরকারসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেন। তাঁদের কাছেও জ্যোতির্ময় নিজের দোষ স্বীকার করেছেন।জগদীশ সরকার সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে র্যাবের সদস্যরা অনেক মেরেছে। তাই সে দোষ স্বীকার করেছে।’সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্যোতির্ময়কে আদালত থেকে নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।৪ এপ্রিল আবদুলপুর বাজারের দোকান থেকে মাহাবুবকে ডেকে নিয়ে আসেন তাঁর বন্ধু সাব্বির হোসেন। গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ক্যানটিনের পেছনের ড্রেন থেকে তাঁর লাশ উদ্ধার করে র্যাব। এর আগের দিন রাতে জ্যোতির্ময়কে গ্রেপ্তার করা হয়। র্যাব ও পুলিশের কাছে জ্যোতির্ময় স্বীকার করেন, তিনি ও সাব্বির মিলে মাহাবুবকে হত্যা করেন।