বন্ধুকে হত্যার পর মেঝে খুঁড়ে লাশ গুম
দোকান ভাড়া দেওয়ার জন্য বন্ধু রুবেলের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছিলেন রফিকুল ইসলাম। ওই টাকা আত্মসাৎ করার জন্য বন্ধুকে বাড়িতে ডেকে এনে হত্যা করেন রফিকুল। পরে ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে বন্ধুর লাশ গুম করে ফেলেন।ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকায়। রফিকুলকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। এরপর বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শোলাকিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের দোকান আছে জেলা শহরের তেরীপট্টি এলাকায়। একটি দোকান ভাড়া দেওয়ার জন্য রফিকুল তাঁর বন্ধু বাগপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রুবেলের কাজে জামানত হিসেবে এক লাখ টাকা চান। রুবেল গত ২০ সেপ্টেম্বর বন্ধু রফিকুলকে ৮০ হাজার টাকা দেন। বাকি ২০ হাজার টাকা পরে দেবেন বলে জানান। ওই ২০ হাজার টাকা নিয়ে কয়েক দিন আগে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়।পুলিশ জানায়, জামানতের বাকি টাকার ব্যাপারে কথা বলতে গত সোমবার মুঠোফোনে রুবেলকে নিজের বাড়িতে ডেকে আনেন রফিকুল। এরপর রুবেল আর বাড়ি ফেরেননি। পরের তিন দিন রুবেলের পরিবার অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পায়নি। পরে গত বৃহস্পতিবার রুবেলের স্ত্রী কল্পনা আক্তার কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতেই পুলিশ শহরের বড়পুল এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে রফিকুল পুলিশকে জানান, জামানতের ৮০ হাজার টাকা আত্মসাৎ করার জন্যই তিনি তাঁর বন্ধু রুবেলকে শ্বাসরোধে হত্যা করেন। গুম করার জন্য ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে লাশ পুঁতে ফেলেন।রফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল রফিকুলকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায়। এরপর একটি কক্ষের মেঝে খুঁড়ে রুবেলের লাশ উদ্ধার করে।রুবেলের বাবা নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, টাকা আত্মসাতের জন্যই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রুবেলের স্ত্রী কল্পনা আক্তার সদর থানায় হত্যা মামলা করেছেন। রফিকুলকে সাত দিনের রিমান্ড চেয়ে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছিল। আদালত কাল রোববার শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।