বন্ধুত্ব আর প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৫১ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিশ্রাম কক্ষ। প্রভোস্ট কক্ষের সামনে এসে ডাক দিতেই সবাই বাইরে এসে দাঁড়ালেন। এবার মাথায় ঘোমটা দেওয়ার পালা। সারিবদ্ধভাবে সবাই প্রভোস্টের পিছু পিছু শ্রেণীকক্ষে গিয়ে ঢুকলেন। সব মেয়ে গিয়ে বসলেন প্রথম সারিতে। ক্লাসে যাওয়ার আগে এত আয়োজন শুধু এ জন্যই, যেন কোনো ছেলে বা মেয়ের মধ্যে কথা না হয়। এখানেই শেষ নয়। ঘটনা আরও আছে।’ কথাগুলো বলছিলেন ভাষাসৈনিক হালিমা খাতুন। হালিমা খাতুন ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। সে সময় ইংরেজি বিভাগের মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচজন মেয়ে ছিলেন। ছেলেমেয়েদের মেলামেশা নিয়ে যে কঠোরতা ছিল, বায়ান্নর ভাষা আন্দোলনের পর তা অনেকটাই শিথিল হয়ে যায়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলে বা মেয়েকে কথা বলতে হলে পাঁচ মাইল দূরের কোনো জায়গাকে বেছে নিতে হতো। ‘প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিতে হতো কথা বলার আগে। ছেলেরা খালা, ফুফু হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিত।’ হাসতে হাসতে সেসব দিনের স্মৃতিগুলো এভাবেই তুলে ধরছিলেন হালিমা খাতুন। তিনি বলেন, ‘ছেলেমেয়ে সবাই পরস্পরকে আপনি করে ডাকত।নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বন্ধুত্ব সে বাধা মানেনি। এর মধ্যেই অনেকের মন দেওয়া-নেওয়া হয়েছে, বিয়েও হয়েছে। বুড়িগঙ্গায় নৌকাভ্রমণে যেতাম, খোশমহল রেস্তোরাঁয় খেতেও যেতাম।’ বন্ধু সম্পর্কে তাঁর বক্তব্য—বন্ধু ছাড়া জীবন হয় না। ছোট্ট একটি শব্দ বন্ধু। কিন্তু এর গভীরতা আর বিস্তার সীমাহীন। মাঝখানে কেটে গেছে ৫৮ বছর। এর মধ্যে আমাদের সামাজিক অবস্থা, মানসিকতার পরিবর্তন হয়েছে। সেই নিষেধাজ্ঞাও নেই। ছেলেমেয়েতে বন্ধুত্ব হচ্ছে। অনেকে মনে করেন, কখনোই নারী-পুরুষে বন্ধুত্ব হতে পারে না। তবে অনেক ক্ষেত্রেই বন্ধুত্ব হয়। বন্ধুত্ব আর প্রেমকে কীভাবে আলাদা করে তারা। একটির প্রভাব কি আরেকটির ওপর পড়ে। এর উত্তর দিয়েছেন এ প্রজন্মের কিছু তরুণী। প্রতিবেদনে তাঁদের সবার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। বন্ধু এবং প্রেমিকের মধ্যে কিছুটা দূরত্ব থাকা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নিপা। বন্ধুর জায়গা একটি, সে জায়গায় প্রেমিক আসতে পারে না। একই কথা প্রযোজ্য প্রেমিকের বেলায়ও। ‘বন্ধুত্ব তো বন্ধুত্বই। এর মধ্যে কোনো সীমারেখা থাকা উচিত বলে আমি মনে করি না।’বন্ধুত্বের মধ্যে কোনো সীমারেখা না থাকার কারণে অবশ্য বিপদে পড়তে হয়েছিল রেহানাকে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকেই তাঁর সঙ্গে জামিলের পরিচয়। সাতজনের দল থাকলেও রেহানা আর জামিলের বন্ধুত্ব ছিল দেখার মতোই। সমস্যাটা দেখা দিল রেহানার প্রেমিককে নিয়ে। তিনি কোনোভাবেই এ সম্পর্কটি মানতে পারছিলেন না। ব্যস, একপর্যায়ে এ নিয়ে নিয়মিত ঝগড়া হতে লাগল। প্রেম আর বন্ধুত্বের এ টানাপোড়েন নিয়ে রেহানা বলেন, ‘জামিল আমার সবচেয়ে ভালো বন্ধু। বন্ধু হিসেবে আমার ভালো লাগা, খারাপ লাগা—সবকিছুর প্রতিই সে নজর রাখে। এর মাঝে নেতিবাচক কোনো দিক আছে বলে আমি মনে করি না।’ ‘ছেলে-ছেলের অথবা মেয়ে-মেয়ের থেকে ছেলে-মেয়ের বন্ধুত্বটা বেশি ভালো হয়। বেশি ঝামেলার সৃষ্টি হয় না।’ কথাগুলো বলেন তাসমিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তিনি বলেন, ‘বন্ধুত্বের বিষয়টি নিয়ে আমার প্রেমিকের সঙ্গে কোনো বাগিবতণ্ডা হয়নি। কোনো জায়গায় দ্বিধা জন্মে গেলে কথা বলার মাধ্যমে তা দূর করে দিই।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী স্মৃতি। তিনি মনে করেন, দুজন মানুষের বন্ধুত্ব ততটুকুই গভীর হওয়া সম্ভব, যতক্ষণ না এ নিয়ে তাঁদের নিজেদের মধ্যে নেতিবাচক কিছু হচ্ছে। তিনি বলেন, ‘অন্যরা কে কী ভাবল, এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। এটা একান্তই আমাদের বিষয় হিসেবেই দেখি।’ তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাহার মনে করেন, কিছুটা পার্থক্য, ব্যবধান তো থাকা উচিতই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া বলেন, ‘ছেলেমেয়ে কখনোই ভালো বন্ধু হতে পারে না। অবশ্যই তাদের মধ্যে ভালো লাগা কাজ করবে। তারা প্রকাশ না করলেও একধরনের জটিলতা তৈরি হবে। আমার প্রেমিকই সবচেয়ে ভালো বন্ধু। ওর সঙ্গে সব কিছু ভাগাভাগি না করে নিশ্চয়ই বন্ধুর সঙ্গে করব না।’ ‘সবার সঙ্গেই মেলামেশা করি। ঘুরতে যাই। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি। আমার প্রেমিকও বিষয়টিকে নেতিবাচকভাবে নেয় না।’ জানান আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্ষা।বিশেষজ্ঞের মতামতনাট্যব্যক্তিত্ব সারা যাকের প্রথম আলোর নকশায় সুবন্ধু সমীপেষু বিভাগে নিয়মিত সম্পর্ক, ব্যক্তিগত নানা বিষয়ের বিভিন্ন সমস্যার সমাধান বাতলে দেন। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে ছেলেমেয়ের বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। একটি ছেলের সঙ্গে একটি মেয়ের ভালো বন্ধুত্ব হতেই পারে। কেউ যদি সেটার ভুল অর্থ তৈরি করে, সেটা তার সমস্যা। আবার কেউ যদি গোপনে প্রেম করে আর মুখে বন্ধুত্বের কথা বলে, তাও একদিন প্রকাশ পাবে। বিশ্বস্ততা ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা যদি সেটাকে কোনো পরিণয় দিতে চায়, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলরুবা আফরোজ বলেন, এখন ছেলেমেয়েদের বন্ধুত্বের পরিবেশটি খোলামেলা। এখানে কোনো লুকানোর ব্যাপার নেই। কিন্তু তারপরও মাঝেমধ্যে সৃষ্টি হয়ে যায় দ্বিধাদ্বন্দ্বের। বন্ধুত্বের সময় ভাষাটা এক রকম থাকে। এ ভাষাই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, যখন দুজনের মধ্যে সৃষ্টি হতে থাকে আরেকটি সম্পর্ক। দুজনের মধ্যে কেউ যদি এ সম্পর্কের ভেতরে কোনো নতুনত্ব না চায়, তাহলে প্রথমেই সজাগ হয়ে যাওয়া উচিত। ‘আমি তোমার শুধুই বন্ধু। অন্য আর কিছু নয়।’ বন্ধুত্বকে বন্ধুত্বের পর্যায়ে রাখাটাই ভালো। অনেক সময় শুধু বন্ধুত্ব থেকে সম্পর্কটি একটু এগিয়ে যায়। কোনো কোনো কথা বন্ধুর সঙ্গে বলে যতটা স্বস্তি পাওয়া যায়, একই কথা প্রেমিকের সঙ্গে বলতে বাধা কোথায়? শুরু হয় প্রেমিক-প্রেমিকার ভেতরে ভুল-বোঝাবুঝি। কেন হয় এমন? ‘প্রিয় মানুষটির কাছে সব সময় নিজের ভালো দিকটিই প্রকাশ পাক, এমনটিই সবাই চায়। এ কারণেই কথা লুকানোর বিষয়টি চলে আসে কখনো কখনো। যেটা একেবারেই ঠিক নয়। যে বিষয়টি গোপন করলাম, তাই হয়তো একসময় আরেকজনের মাধ্যমে জানা হয়ে গেল। বিষয়টি সে সময় অনেক বড় হয়ে দাঁড়ায়।’ বলেন দিলরুবা আফরোজা।