বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে দেশে ফিরছি: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর শুধু ভারতই নয়, নেপাল ও ভুটানকে ব্যবহার করতে দেওয়া হবে। আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে যেভাবে করা উচিত সেভাবেই করা হবে; শুধু দ্বিপক্ষীয়ভাবে নয়। আর সেটা করা হবে দেশের স্বার্থ রক্ষা করেই। বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর কোন পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন। তাঁর সদ্য সমাপ্ত ভারত সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে দেশে ফিরছি। শীর্ষ বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তাতে বাংলাদেশই বেশি উপকৃত হবে। আমি মনে করি, এ সফরের মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, নিজেদের ব্যক্তিগত স্বার্থে নয়। বাংলাদেশ ও ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার বিপুল জনগোষ্ঠীর উন্নত জীবনের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’ দিল্লির মৌর্য শেরাটন হোটেলের কমলমহল বলরুমে আয়োজিত জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর সফর নিয়ে কথা বলেন। ৪০ মিনিটের ওই সংবাদ সম্মেলনে তিনি বেশ সাবলীলভাবে বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উঠে আসে সন্ত্রাসবাদ দমনে তাঁর দৃঢ় প্রত্যয়, ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা, ট্রানজিট, তিস্তার পানি বণ্টন, ভারতবিরোধী মনোভাবসহ বিভিন্ন প্রসঙ্গ। ভারতীয় সাংবাদিকদের বেশির ভাগ প্রশ্ন ছিল সন্ত্রাসবাদ দমন বিষয়ে। আর বাংলাদেশের সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর কাছে তাঁর ভারত সফরের অর্জন ও দেশের প্রাপ্তি জানতে চান।ভারত সফর শেষে কী নিয়ে দেশে ফিরছেন জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ভারতের বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে দেশে ফিরছি। বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তাতে বাংলাদেশই বেশি উপকৃত হবে। তাত্ক্ষণিকভাবে কোন বিষয়টি বাংলাদেশের জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা আমাদের অনেক উপকারে আসবে।’ চট্টগ্রাম ও মংলা বন্দর শুধু ভারতের জন্য ট্রানজিট ও কানেকটিভিটি দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের দিনে তো দরজা আটকে বসে থাকতে পারি না। আমাদের দুটি সম্পদ আছে—চট্টগ্রাম ও মংলা বন্দর। শুধু দ্বিপক্ষীয়ভাবে নয়, আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে যেভাবে হয়, সেভাবেই হবে। নেপাল ও ভুটান যাতে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারে সেটা করা হবে, ভারতকে বন্দর দুটি ব্যবহার করতে দেওয়া হবে। ভারতও বাংলাদেশকে নেপাল ও ভুটানে ট্রানজিট দিচ্ছে। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন এবং দেশের স্বার্থ সমুন্নত রেখেই এটা করা হবে। বর্তমান বিশ্বে তো কেউ ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে পারে না। সব ঘর বন্ধ করে বসে থাকতে পারি না।’এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের পরিবর্তন হবে কি না জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করে, তাদের মনোভাবের কোনো পরিবর্তন হবে না। আমি তাঁদের মানসিকতা বদলে দিতে পারব না। সাধারণ মানুষকে আমি বদলে দিতে পারি। কারণ, তাঁরা উন্নত জীবন চান। তাঁদের জীবন বদলে দিলে সেটা কাজে আসবে। ভারতবিরোধী মনোভাব আজকে নতুন নয়। ১৯৫৪ সালের নির্বাচনেও এ বিষয়টি কাজে লাগানো হয়েছিল। যারা ভারতবিরোধী মনোভাব পোষণ করেন, তাদের তা করতে দিন। প্রতিবেশী দেশ হিসেবে আমরা তো ভারতের সঙ্গে ঝগড়া করতে পারি না। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রেখেই আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। ভারত বড় দেশ। ছোট কি বড়, প্রতিবেশী সব দেশকেই ভারতের সমানভাবে মূল্যায়ন করা উচিত।’দুই দেশের মধ্যে বন্দী-প্রত্যর্পণ চুক্তি সই হবে কি না, ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, সন্ত্রাসবাদ দমনে যেসব চুক্তি হয়েছে, তা পর্যাপ্ত। এ চুক্তির আওতাতে যদি আমরা কাজ করতে চাই, আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করা সম্ভব। বন্দী-প্রত্যর্পণ চুক্তি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।’ এ চুক্তির আওতায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত দেবে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কোনো একজনের নাম নিয়ে এখানে আলোচনা করতে আসিনি। ভারতেও বাংলাদেশের অনেক অপরাধী আছে। এটা দুই দেশেরই অভিন্ন সমস্যা। আমি সুস্পষ্টভাবে আবারও বলছি, বাংলাদেশ তার ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবে না। আমরা এ নিয়ে পরস্পরকে সহযোগিতা করব। আমাদের দেশে এ ধরনের তত্পরতা হলে আমরা দেখব। তেমনি ভারতও তাদের দেশে এ ধরনের তত্পরতা নিয়ন্ত্রণ করবে। আমি নিজেই এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। আমরা বুঝি এর যন্ত্রণা। সন্ত্রাসের বিরুদ্ধে পুরো দক্ষিণ এশিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। এ মুহূর্তে দক্ষিণ এশিয়ার সব দেশেই নির্বাচিত গণতান্ত্রিক সরকার রয়েছে। তারা কেউই এ ধরনের তত্পরতা সহ্য করবে না। মনে রাখতে হবে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, দেশ নেই। ইসলাম শন্তির ধর্ম। এতে সন্ত্রাসের কোনো স্থান নেই।’ বাংলাদেশের অতীতের সরকারগুলো ভারতের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়দানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতে বাংলাদেশে অন্য দল ক্ষমতায় ছিল। তাদের নীতি ও আদর্শ আলাদা। তাদের কারও সঙ্গে দেখা হলে প্রশ্ন করবেন, তারাই এর ভালো উত্তর দিতে পারবে। আমার কাছে এ প্রশ্নের উত্তর জানা নেই।’ তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে এ সফরে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন নদীসহ তিস্তার পানি বণ্টন নিয়ে আমরা আলোচনা করেছি। ২০০২ (পড়তে হবে ২০০৫) সালের পর থেকে এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমরা ক্ষমতায় আসার পরে এবার কারিগরি ও সচিব কমিটির বৈঠক হয়েছে। যৌথ নদী কমিশনের মন্ত্রীপর্যায়ের বৈঠক করারও উদ্যোগ নিয়েছি। ওই বৈঠকে একটা সমাধানে পৌঁছাতে আলোচনা হবে।বহুল আলোচিত টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে দুই প্রধানমন্ত্রীর আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আবারও বলেছেন বাংলাদেশের ক্ষতি হবে টিপাইমুখ বাঁধ প্রকল্পে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তা ছাড়া যে বিষয়টির এখনো কোনো অস্তিত্ব নেই, তা নিয়ে কী বলব। যারা টিপাইমুখের বিরুদ্ধে লংমার্চ করেছে, তাদের বাধা দিইনি। চেয়েছি তারা লংমার্চ করুক। টিপাইমুখ নিয়ে এখন এত তোলপাড় করার কী আছে, আমি বুঝতে পারি না।’সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।