বন্ধুত্বকে প্রভাবিত করে এমন মন্তব্য এড়াতে সচেষ্ট থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ একটি পর্যায়ে পৌঁছেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে দুই পক্ষেরই সচেষ্ট থাকা উচিত। মনমোহন সিংকে উদ্ধৃত করে প্রচারিত বিতর্কিত মন্তব্যের ব্যাপারে গতকাল রোববার ভারতের কাছে এ বার্তাই দিয়েছে বাংলাদেশ।বিভিন্ন কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গতকাল দুপুরে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ঢাকায় তাঁর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকালের বৈঠকে যোগ দিতে শনিবার রজিত মিত্তারকে ডেকে পাঠানো হয়। বেলা দুইটায় শুরু হয়ে বৈঠক প্রায় দেড় ঘণ্টা চলে।রজিত মিত্তারকে প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তলব করা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রোববারের বৈঠকটি ছিল পূর্বনির্ধারিত। মূলত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মনমোহনের বক্তব্যের প্রসঙ্গ এসেছে কি না, জানতে চাইলে সচিব বিষয়টি নিশ্চিত বা নাকচ কোনোটিই করেননি।রজিত মিত্তারের সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী সালমান খুরশীদ আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা সফরে আসছেন। এমন এক পরিস্থিতিতে মনমোহনের ওই মন্তব্যকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি কিংবা জটিলতা এড়াতে উভয় পক্ষই সচেষ্ট। এ প্রেক্ষাপটেই বাংলাদেশ তার উদ্বেগের বিষয়টি ভারতের কাছে তুলে ধরেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ তাঁর টুইটার (ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক) অ্যাকাউন্টে বলেছেন, এস এম কৃষ্ণার ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রজিত মিত্তার রোববার মিজারুল কায়েসের সঙ্গে দেখা করেছেন। তিনি মন্তব্য করেন, রজিত মিত্তারকে তলব করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো কাল্পনিক। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এ খবর জানায়। এদিকে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ প্রতিবেদককে জানিয়েছেন, মনমোহনের মন্তব্য ও হরতালের কারণে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছাবে না। তবে সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হবে। ৬ জুলাই তিন দিনের সফরে এস এম কৃষ্ণার ঢাকা সফরের কথা রয়েছে। ‘বক্তব্যের প্রয়োজন নেই’: মনমোহন সিংয়ের মন্তব্য সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিবৃতির পর এ নিয়ে কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। মনমোহনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে—গণমাধ্যমের এ খবরের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘পত্রপত্রিকায় যা বের হয়েছে, তা নিয়ে পত্রপত্রিকাকে জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করার তো কিছু নেই।’মিজারুল কায়েস বলেন, ‘এটি ছিল একটি নির্ধারিত বৈঠক। মূলত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে আলোচনা হয়েছে। তাঁর সফরসূচি এখনো ঠিক আছে। বিশেষ করে হরতালের কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আপনাদের দু-এক দিনের মধ্যে জানাতে পারব। তাঁর সফরের সময় যেসব কাগজপত্র সই হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।’ বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রতি ২৫ শতাংশ লোকের সমর্থন রয়েছে, যারা প্রচণ্ড ভারতবিদ্বেষী এবং এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেকোনো সময়ে বদলে যেতে পারে—এ মর্মে ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের বিষয়টি আলোচনায় এসেছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়টি আমি নিশ্চিত যেমন করছি না, তেমনি অস্বীকারও করছি না। আমি তো আপনাদের বলেছি, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে দেওয়া মনমোহনের বাংলাদেশ বিষয়ে মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, ‘উনি কি এটা বলেছেন? আপনি যে সরকারি ভাষ্যের কথা বলছেন, সেটি তো আমার কাছে আসেনি। আমি তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তি দেখেছি।’ বিবৃতি দুটি দেখার পর তিনি সন্তুষ্ট কি না, এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সন্তুষ্টি নয়, দুটি বিবৃতি দেখার পর মনে হয়েছে, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ দেখছি না।’প্রসঙ্গত, গত ২৯ জুন ভারতের কয়েকজন সম্পাদকের সঙ্গে মতবিনিময়ের সময় মনমোহন সিং বলেন, ‘বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময়ে আইএসআই নানা রকম চক্রান্ত করছে। কাজেই যেকোনো সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।’ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে ওই খবর প্রচার করা হলেও পরে বাংলাদেশ ও ভারতে বিতর্ক সৃষ্টির পর তা প্রত্যাহার করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার বলেন, মনমোহন কথাটি ‘অব দ্য রেকর্ড’ বলেছিলেন এবং তা বাংলাদেশ সম্পর্কে তাঁর কোনো মূল্যায়ন নয়।