বন্ধুর কঙ্কালও বেচতে চেয়েছিলেন জ্যোতির্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ নেওয়া টাকা আর শোধ না দিতে বন্ধু মাহাবুব আলমকে খুন করেছিলেন জ্যোতির্ময় সরকার ও সাব্বির হোসেন। পরে মাহাবুবের কঙ্কাল বিক্রি করার পরিকল্পনাও ছিল রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ও কঙ্কাল ব্যবসায়ী জ্যোতির্ময় ও সাব্বিরের। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে এ কথা জানিয়েছেন।লাশ দাফন: শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর সেদিন রাতেই মাহাবুবের লাশ নাটোরের লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ অসংখ্য মানুষ অংশ নেন।মায়ের আহাজারি: গতকাল শনিবার বাঁশবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, মাহাবুবের বাড়িতে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মাহাবুবের বাবা মকবুল হোসেন ও মা রিনা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।মা রিনা বেগম আর্তনাদ করে বলছেন, ‘সাত বছর যাবৎ ওদের বন্ধুত্ব। ওরা একসঙ্গে পড়ালেখা করিছে। আমার বাড়িতে আইছে। আমি নিজের হাতে ওদের খাওয়াইছি। ওরা কী করি আমার ছ্যালিকে মারি ফেলল?’বাবা মকবুল হোসেন সবাইকে উদ্দেশ করে বলেন, ‘এখন আমি কী বলে নিজেকে সান্ত্বনা দিব। আমি ওদের বিচার চাই। ওদের বিশ্বাসঘাতকতার শাস্তি চাই।’স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন মাহাবুবের স্ত্রী আয়েশা সিদ্দিকা মণি। কারও সঙ্গে কথা বলছেন না। দেড় বছরের একমাত্র সন্তান আরাফকে নিয়ে সারাক্ষণ নীরব বসে আছেন।মাহাবুবের কঙ্কালও বিক্রি করতে চেয়েছিলেন জ্যোতির্ময়: মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, জ্যোতির্ময়কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাঁকে নাটোর বিচারিক হাকিম আদালতে হাজির করা হতে পারে। গ্রেপ্তারের পর থেকে তিনি খুব স্বাভাবিক রয়েছেন। স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছেন ও ঘুমাচ্ছেন।এসআই লুৎফর জানান, জিজ্ঞাসাবাদে জ্যোতির্ময় জানিয়েছেন, মাহাবুবের কাছ থেকে নেওয়া দেড় লাখ টাকা তিনি ফেনসিডিল খেয়ে শেষ করে ফেলেছেন। উপরন্তু ওই টাকার জন্য তাঁকে প্রতি মাসে ১৫ হাজার টাকা সুদ দিতে হতো। এই ঋণ পরিশোধ করা তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই নিরুপায় হয়ে জ্যোতির্ময়কে হত্যার পরিকল্পনা করেন তিনি। মাহাবুবের লাশের কঙ্কাল বিক্রির পরিকল্পনাও তাঁদের ছিল।গ্রেপ্তার হননি সাব্বির: গতকাল শনিবার পর্যন্ত অপর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, সাব্বিরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। শিগগির তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা করছেন।এদিকে সাব্বিরকে গ্রেপ্তার এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বিকেলে লালপুরের আবদুলপুর বাজারে মানববন্ধন করে স্থানীয় লোকজন। পরে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে একটি স্মারকলিপি দেয়।যেভাবে গ্রেপ্তার হন জ্যোতির্ময়: ৪ এপ্রিল সাব্বির দোকান থেকে মাহাবুবকে নিয়ে যাওয়ার পর কয়েক দিন জ্যোতির্ময় বা সাব্বিরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মাহাবুবের পরিবার। ৮ এপ্রিল জ্যোতির্ময়ের ফোন খোলা পেয়ে মকবুল হোসেন ছেলের খবর জানতে চান। জ্যোতির্ময় মকবুল হোসেনকে রাজশাহীতে যেতে বলেন। রাজশাহীতে গিয়ে সিটি করপোরেশন ভবনের সামনে মাহাবুবের শ্বশুরের প্রতিষ্ঠান ‘মিষ্টি ঘর’-এ বসে জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলেন মকবুল হোসেন।মাহাবুবের কথা জানতে চাইলে কেঁদে ফেলেন জ্যোতির্ময়। তিনি বলেন, ‘চাচা আমরা টাকাটাও দিতে পারছি না, আবার মাহাবুবকেও খুঁজে পাচ্ছি না। আমাদের মাফ করে দেন।’ মকবুল হোসেনও জ্যোতির্ময়ের হাত ধরে কেঁদে বলেছিলেন, ‘টাকা চাই না বাবা, তোমরা আমার ব্যাটাকে ফিরিয়ে দাও।’ তখন জ্যোতির্ময় জানান, আগামীকালই মাহাবুব বাড়িতে যাবে। এ কথা বলে সেদিন জ্যোতির্ময় সেখান থেকে চলে যান। কিন্তু রাত ১০টার পর থেকেই তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। এতেই তাঁদের সন্দেহ ঘনীভূত হয়। মকবুল হোসেন ১১ এপ্রিল বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জানান। র্যাব তাঁকে থানায় মামলা করার পরামর্শ দেয়।র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের কমান্ডার মেজর এইচ এম আনোয়ার আলী জানান, ৪ এপ্রিল রাতে মাহাবুবকে খুন করার পর সাব্বির ৮ এপ্রিল রাজশাহী ত্যাগ করেন। আর জ্যোতির্ময় ৯ এপ্রিল মকবুল হোসেনের সঙ্গে কথা বলার পরেই রাজশাহী থেকে চলে যান। যাওয়ার সময় জ্যোতির্ময় মেডিকেল কলেজের বন্ধ গেট থেকে কোনো নিবন্ধন ছাড়াই মুঠোফোনের তিনটি সিম কিনে নেন এবং নগরের আরডিএ মার্কেট থেকে একটি মুঠোফোন সেট কেনেন।মেজর আনোয়ার জানান, র্যাব অভিযোগ পাওয়ার পর দেখে জ্যোতির্ময়ের আগের সিম বন্ধ। তারা সাব্বিরের মুঠোফোন ট্র্যাকিং করে গাজীপুরে তাঁর বাসায় অভিযান চালায়, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। ওদিকে সুবিধা করতে না পেরে র্যাব রাজশাহী মেডিকেল কলেজ থেকে তথ্য নিয়ে রংপুর মেডিকেল কলেজের ডেন্টালের ছাত্রী মুক্তির নম্বর সংগ্রহ করে। মুক্তি জ্যোতির্ময়ের স্ত্রী। র্যাব মুক্তির নম্বরে আড়ি পেতে জানতে পারে, তাঁর নম্বরে বিভিন্ন নম্বর থেকে কথা হচ্ছে। একপর্যায়ে মুক্তির সঙ্গে রাজশাহীর এক ব্যক্তির কথোপকথন থেকে র্যাব রাজশাহীর ওই ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে র্যাব জানতে পারে যে মুক্তি তাঁকে ফোন করে রাজশাহীর পরিস্থিতি জানার চেষ্টা করছিলেন। ওই ব্যক্তি র্যাবকে সহযোগিতা করতে রাজি হন। তাঁকে সঙ্গে করে র্যাবের সদস্যরা নাটোরের একটি বাড়িতে যান। সেখানে তাঁদের আনাগোনা টের পেয়ে জ্যোতির্ময় সেখানে থেকে পালিয়ে যান। এরপর আবার জ্যোতির্ময়ের নতুন কেনা সিমগুলোর কথোপকথনের সূত্র ধরে তল্লাশি চালাতে থাকে র্যাব। সব শেষে গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে জ্যোতির্ময়কে তাঁর বোনজামাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, ৪ এপ্রিল লালপুরের আবদুলপুর বাজারের ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী মাহাবুব আলমকে তাঁর দোকান থেকে ডেকে নিয়ে আসেন বন্ধু সাব্বির। গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ক্যানটিনের পেছনের পয়োনালা থেকে তাঁর লাশ উদ্ধার করে র্যাব।