বন্ধুর চেয়ে বেশি যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠবারের মতো শেষ হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আয়োজন। প্রতিবারের মতো যাঁদের সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সফল হলো এ প্রতিযোগ, তাঁরা হলেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।তাঁদের কত কাজ! প্রতিযোগের আগে বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীদের তাদের শাখা অনুযায়ী নিবন্ধন করানো ও এ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানানো; কেমন প্রশ্ন হবে, কোথায় পরীক্ষা হবে, কখন আসতে হবে ইত্যাদি জানানো—কত দায়িত্ব। এর আগে শিক্ষার্থীদের সনদপত্র লেখা, আসনবিন্যাস করা, তাদের খাবারের ব্যবস্থা—সবকিছু মিলিয়ে যেন এক মহাযজ্ঞ। আর এগুলো শুরু হয় অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে। আর শুধু এগুলোই নয়, উৎসবের দিন খুব সকালে অনুষ্ঠানস্থলে আসেন তাঁরা। শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া, খাবার দেওয়া, খাতা মূল্যায়ন, ফলাফল তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কাজ তো আছেই। সর্বোপরি পুরো আয়োজনকে সফল করতে যা যা করা প্রয়োজন, তা সবসময় পূরণ করার চেষ্টা করেছেন বন্ধুরা সবাই। তাঁদের জন্যই প্রতিটি আয়োজন হয়েছে গোছানো। অনেক বন্ধু রাত জেগে কাজ করেছেন।এই উৎসবের সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সুধী সবারই ভূমিকা ছিল। তাঁদের সবার সহযোগিতার ফলেই না ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব সফল হলো।