বন্ধুর চেয়ে বেশি যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব যে যথাযথভাবে সম্পন্ন হলো তার পেছনে কাজ করেছেন অনেকেই। তাঁদের মধ্যে একদল কর্মীর কথা বিশেষভাবে বলতে হয়। এঁরা হলেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। আঞ্চলিক প্রতিযোগ থেকে শুরু করে জাতীয় উৎসব পর্যন্ত ছিল তাঁদের অনেক কাজ। প্রতিযোগের আগে বিভিন্ন জায়গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিজ নিজ শাখা অনুযায়ী নিবন্ধন করানো এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো। যেমন—প্রশ্নের ধরন, কোথায় পরীক্ষা হবে, কখন উপস্থিত হতে হবে ইত্যাদি জানানোসহ আরও অনেক কাজেই লিপ্ত ছিলেন বন্ধুসভার বন্ধুরা। নিবন্ধনের পর সনদ লেখা, আসনবিন্যাস, পুরস্কার গোছানো এবং শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা—সব মিলিয়ে এ এক মহাযজ্ঞ। আর এ কাজগুলো শুরু হয় উৎসবের কয়েক দিন আগেই। অনেক বন্ধু আছেন, কাজে যাঁদের রাত ছিল না, দিন ছিল না। প্রতিটি আঞ্চলিক ও জাতীয় উৎসবে তাঁদের অনেককে আগের রাতে দুইটা তিনটা পর্যন্ত কাজ করে আবার সকাল সাতটায় কাজে লেগে পড়তে হয়েছে। সকালে শিক্ষার্থীদের মধ্যে নাশতা ও দুপুুরে খাবার বিতরণ, পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন, ফলাফল তৈরি করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ—কত কাজ। শুধু ঢাকায় নয়, বন্ধুসভার বন্ধুরা আছেন সারা দেশে। যেখানেই যাই, তাঁরা বলেন, ‘বন্ধু আছি, ভালো আছ?’ তাঁদের আনন্দোচ্ছল চেহারা কেবলই অভয় দেয়। ভাষা উৎসব সফল করতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন গণযোগাযোগ সংস্থা ও স্থানীয় সুধী—সবারই মুখ্য ভূমিকা ছিল। তাঁদের সবার সহযোগিতায় সফলভাবে শেষ হলো সপ্তম ভাষা প্রতিযোগের আসর।