বন্ধুর পথ পাড়ি দিয়ে এভারেস্টে নিশাত
এতটা পথ পাড়ি দিয়ে এভারেস্টে পৌঁছানোটা খুব সহজ ছিল না নিশাতের জন্য। তাঁকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ, মোকাবিলা করতে হয়েছে নানা প্রতিকূলতা।২০০৮ সালের ১৬ জুলাই প্রথম আলোর নারী মঞ্চে নিশাতকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি জানিয়েছিলেন, নিজের ছোটবেলার কথা, এভারেস্টে ওঠার স্বপ্ন বাস্তবায়নে কত পরিশ্রম করছেন, সেসব কথা।ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার-প্রিয় নিশাত। ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেছেন তিনি। একবার হঠাত্ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হয়ে কিছুদিন কাজ করেছেন। সেখান থেকেই ইনাম আল হকের সঙ্গে পরিচয়। তারপর বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে (বিএমটিসি) যোগদান।হিমালয় পর্বতকে জয় করতে হবে—এই উপলব্ধি থেকে বিএমটিসি হিমালয়ে অভিযানের জন্য প্রথম মহিলা দল পাঠায়। সেটি ২০০৬ সালের সেপ্টেম্বরের কথা। সেই দল প্রথম এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। পাঁচজনের সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন নিশাত মজুমদার। এরপর দেশের প্রথম নারী পর্বতারোহী সাদিয়া সুলতানার নেতৃত্বে ২০০৬ সালের নারী দিবসে কেওক্রাডাং ট্রেকিংয়ে অংশ নেন নিশাত।২০০৮ সালের ৪ জুন নেপালে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা হিমালে সিঙ্গাচুলি পর্বতে ওঠেন নিশাত। যার উচ্চতা ২১ হাজার ৩২৮ ফুট (ছয় হাজার ৫০১ মিটার)। ওই অভিযানে সিঙ্গাচুলি অভিযানের পুরো দলের নেতৃত্ব দেন নিশাত মজুমদার।নিশাত বলেছিলেন, ‘এ কাজে ছেলেমেয়ের কোনো ভেদাভেদ নেই। বরং সফলতা তখনই আসে, যখন নারীপুরুষের সমান অংশগ্রহণ থাকে।’ পরিবারের অবদানে কৃতজ্ঞ নিশাত সেদিন বলেছিলেন, ‘বাসার সবাই, বিশেষ করে ছোট দুই ভাই অনেক সহযোগিতা করে। অনেকে অনেক কথা বলে, নানা রকম নেতিবাচক মন্তব্যও করে। আবার যখন পত্রিকায় ছবি দেখে, তারাই গর্ব করে বলে—আমাদের নিশাত। এই হচ্ছে গিয়ে অবস্থা।’২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। পর্বতারোহী এম এ মুহিত গত বছরের ২৫ মে এভারেস্ট জয় করেন।নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সাত নারীকে প্রথম আলো ২০০৯ সালে অ্যানলিন-প্রথম আলো নারীশক্তি সম্মাননা প্রদান করে। তাঁদের মধ্যে নিশাত মজুমদারও ছিলেন।