বন্ধুর পরীক্ষা দিতে এসে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা বন্ধুর হয়ে পরীক্ষা দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে আটক করেছে পুলিশ।আজ সোমবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র সৈয়দ ওহিদুজ্জামান ও তাঁকে সহযোগিতা করার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ছাত্র মেহেদী হাসানকে আটক করে পুলিশ। ওহিদুজ্জামান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ইশতিয়াক আহমেদের পরীক্ষা দিতে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে গত ২১ অক্টোবর ইশতিয়াককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে।বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, কারাগারে থাকা ইশতিয়াকের হয়ে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন তাঁরই বন্ধু সৈয়দ ওহিদুজ্জামান। ইশতিয়াক সেজে তিনি তিনটি পরীক্ষাও দেন। আজ দুপুর সাড়ে ১২টায় ছিল চতুর্থ ও শেষ পরীক্ষা। যথারীতি পরীক্ষা দিতে বসেন ওহিদুজ্জামান। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আক্তারুজ্জামান তথ্যপ্রমাণ নিয়ে পরীক্ষার হলে এলে ওই ছাত্রের পরীক্ষা স্থগিত করা হয়। পরে ওহিদুজ্জামান ও তাঁকে সহযোগিতা করার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ছাত্র মেহেদী হাসানকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগকে না জানালে আজও ওই ছাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস এম আনোয়ারা বেগম এ বিষয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিভাগের প্রতিটি ব্যাচে প্রায় ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। তাই সব শিক্ষার্থীকে চিনতে শিক্ষকদের কিছু সমস্যা আছে।’ তিনি জানান, ইশতিয়াকের প্রবেশপত্রে ওই ছাত্র তাঁর নিজের ছবি বসিয়ে পরীক্ষা দিয়েছেন। আজ বিষয়টি জানতে পেরে ওই দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়।প্রক্টর অশোক কুমার সাহা বলেন, বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।