বন্ধুসভার বন্ধুরা
‘আমি শুনে অবাক হয়েছিলাম, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১২-এর বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে বন্ধুসভার বন্ধুরা। এরা আবার কেমন? এর চেয়ে বেশি অবাক হই যখন দেখলাম, এ কর্মযজ্ঞে অংশগ্রহণকারী সব বন্ধুই তরুণ। তাই মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তিত ছিলাম। কিন্তু অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আমার সব ধারণা পাল্টে গেছে। এত সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ওরা কাজগুলো করল, যা ছিল অতুলনীয়। সত্যিই ওরা প্রশংসার দাবিদার।’—অনুষ্ঠান শেষে এ বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে জানতে চাইলে এমন অনুভূতিই প্রকাশ করেন একজন অভিভাবক। ‘আমরা যে এত সুন্দর পরিবেশে মুক্তভাবে আনন্দ উল্লাস করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। কিন্তু বাস্তবে তা হলো’—এমনটাই জানাল তিন কৃতী শিক্ষার্থী মালিহা, এষা ও শৈলী। গত ৮ মে থেকে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১২-এর কার্যক্রম শুরু করেন। সূর্য ও মেঘের হাসি-কান্না এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ জুলাই এর সফল সমাপ্তি ঘটে। ১২ জুন থেকে শুরু।১৪ জুলাই ঢাকার আয়োজন দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন। ২৩-২৫ জুন—এই তিন দিনে বন্ধুসভার ৮০ জন বন্ধু জাতীয় শিল্পকলা একাডেমীতে ঢাকার প্রায় ১৬ হাজার কৃতী শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করেন। ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে ১৫ জন বন্ধুর একটি দল নিবন্ধিত শিক্ষার্থীদের অভিনন্দনপত্র লেখার কাজ সম্পন্ন করে। ১০ জুলাই বিকেল চারটায় প্রায় ২০০ বন্ধুর উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কীভাবে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়, সভায় সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ১৩ ও ১৪ জুলাই নন্দন পার্কে কোন বন্ধু কোন দায়িত্ব পালন করবেন, বন্ধুদের তা বুঝিয়ে দেওয়া হয়। নন্দন পার্কে যেসব জিনিস নিয়ে যেতে হবে তার সবকিছু গুছিয়ে নিতে বন্ধুদের ১১ জুলাই প্রায় মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয়। ১২ জুলাই সকাল আটটা। সৈয়দ মনিরের নেতৃত্বে একদল বন্ধু নন্দন পার্কের উদ্দেশে যাত্রা শুরু করে। সঙ্গে নিয়ে যান শিক্ষার্থীদের ক্রেস্ট, অভিনন্দনপত্র ও অনুষ্ঠানের প্রয়োজনীয় অন্য সব জিনিস। এদিকে প্রথম আলোর কার্যালয়ে অন্যান্য কাজের প্রস্তুতি নেয় একদল বন্ধু। কেউ বন্ধুসভার কর্মী বন্ধুদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র প্রস্তুত করেন। আবার কেউ ১৩ জুলাই ভোরবেলার করণীয় কাজগুলো ঠিক করে নেন। সবশেষে রাত ১১টায় বন্ধুরা সার্বিক প্রস্তুতি নিয়ে শেষবারের জন্য আলোচনা সেরে নেন।১৩ জুলাই ভোর চারটায় জুবায়ের কবিরের নেতৃত্বে একদল বন্ধু বাণিজ্য মেলার মাঠের সামনে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাসগুলোকে সারিবদ্ধ করে। সকাল ছয়টার আগেই বন্ধুসভার কর্মী বন্ধুরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে হাজির হন। সকাল ছয়টায় প্রথম বাস এবং সকাল সাড়ে সাতটার মধ্যে ৮০টি বাস নন্দন পার্কের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে নয়টায় নন্দন পার্কে প্রথম আলোর নির্ধারিত বুথে দায়িত্বরত বন্ধুরা কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেন এবং বেলা দুইটার মধ্যে তা সম্পন্ন করেন। যেকোনো ভালো কাজের জন্য নিবেদিতপ্রাণ ও সৎসাহসী বন্ধুরা পরদিন ১৪ জুলাই একইভাবে কার্যক্রম পরিচালনা করেন। ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যাত্রাবাড়ী, মিরপুর, গেন্ডারিয়া, সিআরপি ও ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা এ কার্যক্রম পরিচালনা করেন। ঢাকায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১২-এর কার্যক্রম পরিচালনাকারী যেসব বন্ধুর নাম উল্লেখ না করে পারছি না তাঁরা হলেন: সাব্বির আহমেদ, সজীব মিয়া, রবিউল ইসলাম, অনির্বাণ, হাসান মাহমুদ, তরিকুল ইসলাম ও হাবিব।দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সারাদেশে বন্ধুসভার বন্ধুরা এমন এক বিশাল কর্মযজ্ঞের মসৃণ সমাপ্তি ঘটান। বন্ধুদের এমন প্রয়াস অব্যাহত থাকুক। জয় হোক বন্ধুত্বের, জয় হোক বন্ধুসভার বন্ধুদের।