বন্ধুসভার সমাবেশ শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলোকিত নবীন নেতৃত্বে, আলোকিত দেশ’ স্লোগান সামনে রেখে আজ শুক্রবার সকালে শুরু হচ্ছে প্রথম আলো বন্ধুসভার সমাবেশ ২০১০। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে দুই দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কাল শনিবার রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হবে সমাবেশ। এটি প্রথমবারের মতো সবচেয়ে বড় বন্ধু সমাবেশ।সমাবেশে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সারা দেশের বন্ধুরা আসতে শুরু করেন মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগত বন্ধুদের অভ্যর্থনা জানান বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। বন্ধুসভার বন্ধুরা স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করে প্রথমেই নাম নিবন্ধন করেন। নিবন্ধন করানোর দায়িত্বে ছিলেন ঢাকা বন্ধুসভা ও কালিয়াকৈর বন্ধুসভার বন্ধুরা। সেখানে সবাইকে পরিচয়পত্র, টি-শার্ট, চাবির রিংসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।সমাবেশে ১৪০টি বন্ধুসভার এক হাজার ৬৫০ জন বন্ধু যোগ দিচ্ছেন। গতকাল সন্ধ্যার আগেই সব বন্ধুসভা একটি করে দেয়ালিকা টাঙান নিজেদের তাঁবুর সামনে। এরপর তাঁরা ব্যস্ত হয়ে পড়েন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায়।বন্ধুসভার পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় স্কাউটের মূল মাঠে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পটিয়া বন্ধুসভার সদস্য মাইনুদ্দিন বলেন, মৌচাকে আসার সময় মন খুবই খারাপ ছিল। এখানে এসে অনেক বন্ধুকে পেয়ে মন ভালো হয়ে গেছে। বন্ধুদের জন্য এত আয়োজন, এত অনুষ্ঠান ভাবতেই পারিনি। রাজশাহী বন্ধুসভার নোমান শিবলু ও ফেরদৌস মুকুল বলেন, সমাজের ভালো কাজ করার জন্য যেসব অভিজ্ঞতার প্রয়োজন, এখান থেকেই তা শিখতে পারব বলে আশা করি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু সাবরিনা জানান, মৌচাকে এসে জানতে পারলাম মেয়েদের জন্য আদালা থাকার ব্যবস্থা (একটি ভবনে) করা হয়েছে। তিনি মেয়ে বন্ধুদের নিয়ে ছেলেদের মতো তাঁবুতেই সময় কাটাতে আগ্রহ প্রকাশ করেন।বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন জানান, সবকিছুরই একটি প্রশিক্ষণ দরকার। মৌচাকে বন্ধু সমাবেশ তেমনি একটি মহড়া বা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ বন্ধুদের আরও বেশি দেশকে ভালোবাসতে শেখাবে।দুই দিনের এই সমাবেশে উপস্থিত থাকছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, লেখক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আফজাল হোসেন, জাহিদ হাসান, অভিনেত্রী জয়া আহসান, গায়ক মাহমুদুজ্জামন বাবু, উপস্থাপক আবদুর নূর তুষার, এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমসহ দেশের অনেক বিশিষ্টজন এবং অভিনয় ও সংগীতশিল্পীরা।