বন্ধের নির্দেশ সত্ত্বেও চলছে চার মানসিক হাসপাতাল
পাবনা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় রয়েছে দেশের একমাত্র মানসিক হাসপাতাল। এই হাসপাতালে অধিক রোগীর চাপকে পুঁজি করে এর আশপাশেই গড়ে উঠেছে বেশ কয়েকটি মেন্টাল ক্লিনিক। এর মধ্যে একটি ক্লিনিক চার মাস ধরে বন্ধ। অন্য চারটি ক্লিনিককে জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে বন্ধের নির্দেশ দিলেও তারা দিব্যি চালিয়ে যাচ্ছে।সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে, চিকিৎসক, সেবিকা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল ছাড়াই ওই এলাকায় রুদ্র মেন্টাল ক্লিনিক, নিরাময় ক্লিনিক, পদ্মা ক্লিনিক ও সুরমা ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল। এসব ক্লিনিকে মানসিক রোগী ভর্তি করে চিকিৎসার নামে প্রতারণা করা হতো। গত জানুয়ারি মাসে এসব ক্লিনিক বন্ধের জন্য নির্দেশ দিয়ে মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো এগুলো বন্ধ হয়নি।নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়া পদ্মা ক্লিনিকের মালিক মো. হারুনর রশিদ বলেন, ‘সরকারি নির্দেশের পর থেকে আমরা আর নতুন রোগী ভর্তি করিনি।’সুরমা ক্লিনিকের মালিক মাহমুল হাসান বলেন, ‘অনেক টাকা বিনিয়োগ করে ক্লিনিক খোলা হয়েছে। রোগীও ভর্তি রয়েছে, তাই বন্ধ করে দিতে বললেই বন্ধ করা যায় না। বরং ক্লিনিকে যেসব ঘাটতি ছিল, তা পূরণের চেষ্টা করছি।’