বন্ধের নোটিশ দেখে আরও ক্ষুব্ধ শ্রমিকেরা
আগের দিন কাজ না করেই বিক্ষোভে নেমেছিলেন আশুলিয়া শিল্প এলাকার শ্রমিকেরা। গতকাল রোববার ছিল উল্টো চিত্র। সকালে এসে দেখেন, কারখানার ফটক বন্ধ, ঝুলছে বন্ধের নোটিশ। এই নোটিশ আরও ক্ষুব্ধ করে শ্রমিকদের। ফলে গতকালও পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়েছে।এদিকে আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধ ঘোষণার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু কারখানা খোলার বিষয়ে এখনো সরকার কিংবা পোশাকশিল্পের মালিক—কোনো পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো ধরনের প্রস্তাব আসেনি। কোনো উদ্যোগের কথাও জানা নেই তাঁদের।কারখানা খোলার বিষয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকারকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু এ নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। এখন পর্যন্ত কোনো প্রস্তাবও আসেনি।’প্রায় একই ধরনের কথা বললেন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘এখনো সরকারের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি। কারখানা খোলার বিষয়ে কারও সঙ্গেই কোনো আলোচনা হয়নি।’আবার সংঘর্ষ: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা থেকে শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে সাড়ে আটটার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন তাঁরা। কয়েক হাজার শ্রমিক নয়টার দিকে সড়কের ইউনিক বাসস্ট্যান্ডের কাছে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। সড়কের জিরাব পুকুরপাড় ও শিমুলতলা পয়েন্টেও শ্রমিকেরা রাস্তা আটকান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েকটি রাবারের গুলি ছোড়ে। এতে প্রায় অর্ধশত শ্রমিক আহত হন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে চার-পাঁচটি গাড়ির কাচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি চলাচল আবার স্বাভাবিক হয়। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের অনেকে কারখানা বন্ধের খবর জানতেন না। সকালে কারখানা বন্ধ দেখে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা করেন। আমরা তাঁদের নিবৃত্ত করি।’গতকাল আশুলিয়া শিল্প এলাকার ঘোষবাগ থেকে বাইপাইল পর্যন্ত ঘুরে দেখা যায়, সব কারখানার সামনেই পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ সব পয়েন্টেও অতিরিক্ত পুলিশ ছিল। এ ছাড়া র্যাব-১ ও পুলিশের বিশেষ টহল দলকে জলকামান ও সাঁজোয়া যান নিয়ে আশুলিয়া শিল্প এলাকায় চক্কর দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেড় হাজার পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয় বলে প্রশাসন সূত্র জানায়। তবে, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) শান্ত পরিবেশে কারখানাগুলোতে কাজ চলেছে।জামগড়ার ছয়তলা এলাকার উইনডি অ্যাপারেলস লিমিটেডের ফটকে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের আন্দোলনের বিষয়ে দুটি নোটিশ দেখা যায়। একটিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের কথা জানিয়ে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।উইনডি অ্যাপারেলসের উপমহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হকের সই করা আরেকটি নোটিশে লেখা হয়, ১১ থেকে ১৬ জুন পর্যন্ত শ্রমিকেরা অবৈধভাবে কারখানায় কাজ বন্ধ করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুরসহ চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। কারখানা কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের জন্য শ্রমিকদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাজে যোগদান না করে কারখানা থেকে বেরিয়ে রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন। শ্রমিকদের এরূপ আচরণ অবৈধ ধর্মঘটের শামিল।বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা: বৃহস্পতিবার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় বিএনপির এক নেতাসহ কয়েক শ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এ মামলা করেন।মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী। এ মামলার ১ নম্বর আসামি হলেন আশুলিয়ার জামগড়ার আনোয়ার সিএনজি স্টেশনের মালিক ও পিয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিএনপির নেতা আনোয়ার হোসেন।আশুলিয়া থানার উপপরিদর্শক বলেন, আসামিদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।এদিকে শনিবার পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ মামলা করেন। স্থানীয় সূত্র জানায়, এ মামলার আসামিরাও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম।শ্রমিক সংগঠনের উদ্বেগ: আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণায় উদ্বেগ জানিয়ে শিগগিরই তা খুলে দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিকদের দুই সংগঠন। ঢাকার নিজস্ব কার্যালয়ে গতকাল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) পরিচালকমণ্ডলী গতকাল একটি সভা করেছে। সংস্থার নির্বাহী পরিচালক কল্পনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশুলিয়ার প্রতিটি কারখানার মালিক, শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে কারখানা খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন রামপুরার নিজস্ব কার্যালয়ে আয়োজিত পৃথক আরেক সভায় একই দাবি জানানো হয় বলে সংগঠনের সভাপতি বাবুল আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।