বন্ধের পথে নাজিরপুর চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন নাজিরপুর লঞ্চঘাটের দক্ষিণে তেঁতুলিয়া নদীতে ২০০৯ সালে ডুবে যাওয়া কোকো-চারটি লঞ্চ এখনো উদ্ধার হয়নি। এতে ডুবে যাওয়া লঞ্চের আশপাশে ব্যাপক হারে পলি জমে তেঁতুলিয়া নদীর নজিরপুর চ্যানেলটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ওই জায়গাসহ তেঁতুলিয়া নদীতে কোনো মার্কা ও বয়া বাতি না থাকায় রাতের বেলায় ও জোয়ারের সময় লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সম্প্রতি ভাটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, ডুবে যাওয়া কোকো-৪ লঞ্চের মাস্তুলের তীর চিহ্নটি ভেসে উঠেছে। স্থানীয় এক ব্যক্তি জানান, ভাটার সময় ওই তীর চিহ্ন দেখা গেলেও জোয়ারের সময় কিছুই দেখা যায় না। ঢাকা, বাউফল ও বরিশালগামী লঞ্চগুলো এখন এই চ্যানেলে ঢুকতে পারছে না। লঞ্চ মাঝনদীতে দাঁড়িয়ে থাকে আর যাত্রীরা নৌকা করে লঞ্চে ওঠানামা করে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৭ নভেম্বর রাতে এমভি কোকো-৪ লঞ্চটি প্রায় তিন হাজার যাত্রী নিয়ে ডুবে যায়।ঢাকা-চরফ্যাশন নৌরুটে চলাচলকারী কর্ণফুলী-৩ লঞ্চের মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, কোকো-৪ ডুবে যাওয়ায় ব্যাপক ডুবোচর পড়েছে। জোয়ারের সময় ওই লঞ্চের কোনো চিহ্ন দেখা যায় না। এ ছাড়া ওই রুটে কোনো মার্কা ও বয়া বাতিও নেই। ফলে দুর্ঘটনার কবলে পড়ছে নৌযান। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, নাজিরপুর চ্যানেলটি এমনিতেই সরু। লঞ্চটি ডুবে থাকায় ও পলি পড়ে ভবিষ্যতে চ্যানেলটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘লঞ্চটি ওঠানোর জন্য আমরা ইতিমধ্যেই মালিকপক্ষকে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে মার্কা ও বয়া বাতি বসানোর জোর চেষ্টা করা হবে।