বন্ধের পরও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শ্রমিকেরা আজ রোববার নিজ নিজ কর্মস্থলে যান। তবে কারখানার দরজা তালাবদ্ধ দেখে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকদের খণ্ড খণ্ড দল আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে মিছিল, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন।শ্রমিকদের দাবি, তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ গতকাল আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে এ ব্যাপারে শ্রমিকেরা কিছু জানেন না। নিয়মমতো আজ সকাল আটটার দিকে কর্মস্থলে এসে তাঁরা কারখানা বন্ধ দেখতে পান। বেতন বাড়ানোর যে দাবিতে তাঁরা আন্দোলন করছেন, তা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শ্রমিকেরা জানান।শিল্পপুলিশের পরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কারখানা বন্ধ ঘোষণা করার পরও শ্রমিকেরা আজ সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে মিছিল, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করেন। পুলিশ এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে শ্রমিকদের লাঠিপেটা করে এবং রাবার গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন।বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় গত এক সপ্তাহ ধরেই শ্রমিক অসন্তোষ চলছে। পরে এই অসন্তোষ নারায়ণগঞ্জের কাঁচপুরেও ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় গতকাল সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়।