এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
বন্য প্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১ মার্চ এসেছিলেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ—ডব্লিউটিবির ট্রাস্টি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। কথা বলেছেন কথাবন্ধু আফিয়া আহমেদ লিনার সঙ্গে। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: বন্য প্রাণী সংরক্ষণ বিষয়টিকে আপনি কেন পেশা হিসেবে বেছে নিলেন?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: আমি যখন প্রথম সুন্দরবনে যাই, সেখানে আমি প্রথম প্রাণ ভরে নিঃশ্বাস নিই। আমার মনে হলো, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আমার জানা উচিত। সেই থেকেই আমার শুরু। পরিবেশ ও প্রাণী সংরক্ষণ বিষয়টি বর্তমানে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।কথাবন্ধু: পরিবেশ ও বন্য প্রাণী (ওয়াইল্ড লাইফ) সংরক্ষণে মাঠপর্যায়ে কাজ করতে হলে সে ক্ষেত্রে যোগ্যতা কী হওয়া উচিত?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: যেকোনো পেশাতেই নিজেকে মূল্যায়নের জন্য অভিজ্ঞতার দরকার হয়। নিজেকে পরিবেশ ও কাজের সঙ্গে মানিয়ে নিতে হয়। যোগ্যতা দিয়েই এখানে পেশা গড়তে পারেন। এ জন্য অবশ্যই ইচ্ছা ও আগ্রহ থাকতে হবে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের ট্রাস্টি কনজারভেশন আর নেচার কনজারভেশন (পরিবেশ ও প্রাণী সংরক্ষণ বিষয়টি) এখন আর জীববিজ্ঞানীদের হাতে বাঁধা নেই। এখানে অন্য বিষয়ের শিক্ষার্থীরাও কাজ করতে পারেন। এ জন্য খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না।কথাবন্ধু: এ পেশার সম্ভাবনাগুলো কী হতে পারে?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: এ জন্য পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণের আলোকচিত্রী হতে পারেন। প্রাণিবিদ্যা বিভাগসহ যেকোনো বিভাগের শিক্ষকও হতে পারেন। চিড়িয়াখানায় গবেষণা করতে পারেন। জাতীয় জাদুঘরে কাজ করতে পারেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এনজিওতে কাজ করতে পারেন। এ ছাড়া এফএফএও, ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, আইওসিএনওতেও কাজ করতে পারেন।কথাবন্ধু: এ বিষয়ে কোন প্রতিষ্ঠানগুলোতে পড়া যায়?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়তে পারেন। এনজিওগুলো এখনো সেভাবে কোনো উদ্যোগ নেয়নি। তবে প্রশিক্ষণের জন্য তারা কাজ করছে। ওয়াইল্ড লাইফ বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শিক্ষক প্রশিক্ষণসহ সাধারণ মানুষকে পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ বিষয়েও প্রশিক্ষণ দিয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বাঘ সংরক্ষণেও অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া দেশের বাইরেও প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।কথাবন্ধু: বাংলাদেশে এ পেশার চাহিদা কেমন?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ একটি চাহিদাভিত্তিক পেশা। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ব্রিটেনের রানি আসবেন বাংলাদেশে। তিনি সুন্দরবনের বাঘ সংরক্ষণ দলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। দেশের বাইরে থেকে অনেকেই এখন সুন্দরবনের বাঘ নিয়ে কাজ করতে চান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ পেশায় কাজের চাহিদা বাড়ছে।কথাবন্ধু: সদ্য স্নাতক কেউ এ পেশায় আসতে চান, সে ক্ষেত্রে তাঁকে কী করতে হবে?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: সদ্য স্নাতকদের আগে থেকেই ভাবতে হবে, আপনি কোন বিভাগে পেশা গড়তে চান। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক যোগাযোগ বাড়াতে হবে। অবশ্যই প্রথমে মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। আমাদের সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে লোক প্রয়োজন হয় অথবা যেকোনো প্রতিষ্ঠানেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করার জায়গাটা অনেক বড়। যেহেতু এর দাবি এখন বিশ্বব্যাপী, তাই মাঠপর্যায়ে কাজ না করলে সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।কথাবন্ধু: এ ক্ষেত্রে নারীরা কী ধরনের সুযোগসুবিধা পেয়ে থাকেন?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ-ডব্লিউটিবি একটি নতুন দল তৈরি করেছে—নারী দল বা উইমেন গ্রুপ। প্রতি মাসেই তাঁদের নিয়ে একটি সভা হয় । প্রায় ২৫ জন বা তারও বেশি সদস্য নিয়ে আমরা আমাদের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। এ জন্য নারীদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। তাঁদের নিয়ে একটি টাইগার ক্যাম্পেইন হবে। শহরের মেয়েদের নিয়েও কাজ করার ইচ্ছা আছে।কথাবন্ধু: তরুণদের এ পেশায় আসার জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী: পরিবেশ নিয়ে যদি ভাবতে চান, তাহলে পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহণ করছেন, তা শুধু পড়ার মধ্যে রাখলেই চলবে না; সবার কাছে সর্বত্র পরিবেশ সংরক্ষণের সেই বার্তা পৌঁছে দিতে হবে। যাঁরা জানেন না, তাঁদের জানাতে হবে। স্বেচ্ছাসেবকদের এ জন্য কাজ করতে হবে। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে একজন স্বেচ্ছাসেবকই পারেন দেশটিকে অনেক দূর এগিয়ে নিতে। আমরা আমাদের ছোট ছোট প্রাপ্তিগুলো নিয়েই এগিয়ে যেতে চাই।গ্রন্থনা: সুদীপ দে