বন্য প্রাণী হত্যা করলে ১২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণী হত্যা করলে ১২ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা’ অনুমোদন করেছে মন্ত্রিসভা।এ নীতিমালা অনুযায়ী, বন্য প্রাণীর আক্রমণে কোনো ব্যক্তি নিহত হলে, তার বৈধ ওয়ারিশকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত বা পঙ্গু হলে দেওয়া হবে ৫০ হাজার টাকা। সম্পদ বা ফসল নষ্ট হলে পাবে ২৫ হাজার টাকা।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদন করা হয়। বৈঠক শেষে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি উপশহর প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ তিনটি উপশহর প্রকল্পের জন্য মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদী, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদী এবং ধামরাইয়ের বংশী নদীর পার্শ্ববর্তী স্থান নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন বন্ধের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে বিপন্ন শকুন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন বন্ধের প্রস্তাব অনুমোদন করা হয়। ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন এখন থেকে বন্ধ হবে, এ ছাড়া ছয় মাস পর থেকে এর বিপণন বন্ধ হবে। এর ফলে দেশে যে শকুন রয়েছে, সেগুলো রক্ষা পাবে।ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার প্রস্তাবে বলা হয়েছে, গরুর ব্যথানাশক হিসেবে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই যথেচ্ছভাবে ডাইক্লোফেনাক ইনজেকশন ব্যবহার করা হয়। ডাইক্লোফেনাক দেওয়া গরু মারা গেলে ওই মৃত গরু শকুন খেলে তা শকুনের কিডনি নষ্ট করে ফেলে। সারসংক্ষেপে বলা হয়, স্বাধীনতার আগে দেশে ৫০ হাজার শকুন ছিল। বর্তমানে তা কমে দুই হাজারে এসেছে। ডাইক্লোফেনাক নিষিদ্ধ না করলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে শকুন বিলুপ্ত হয়ে যাবে।হজ পরিস্থিতি: বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী সর্বশেষ হজ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, এবার হজে যাওয়া থেকে শুরু করে সার্বিক কোনো বিষয়ে সমস্যা নেই। এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরব গেছেন। আরও প্রায় ২৬ থেকে ২৭ হাজার হজযাত্রী যাওয়া বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরাও সেখানে পৌঁছে যাবেন।যানজট: বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত শুক্রবারের যানজটের কারণ এবং বরিশালের লেবুখালীতে নদীর ওপর সেতুর জন্য বৈদেশিক সাহায্যের ব্যাপারে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে জানতে চান। যোগাযোগমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, খুব শিগগির এসব সমস্যার সমাধান হবে। প্রধানমন্ত্রী বিদেশি সাহায্য পাওয়া না গেলে নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণের পদক্ষেপ নিতে মন্ত্রীকে নির্দেশ দেন।চলচ্চিত্র নিবন্ধন আইনের খসড়া অনুমোদন: বৈঠকে চলচ্চিত্র নিবন্ধন আইন, ২০১০-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়, ১৯৮০ সালে চলচ্চিত্র নিয়ন্ত্রণে একটি আইন করা হয়। ওই আইন বাতিল করে নিয়ন্ত্রণ শব্দটি উঠিয়ে দিয়ে নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। নতুন আইনের ফলে চলচ্চিত্র প্রদর্শন সহজ হবে। খসড়ায় এ নীতিমালার বাইরে কেউ অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করলে তাঁর সংস্থার নিবন্ধন বাতিল করার বিধান রাখা হয়েছে।খ্রিষ্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুমোদন: বৈঠকে খ্রিষ্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ অনুমোদন দেওয়া হয়। এ কল্যাণ ট্রাস্টের তহবিল এক কোটি থেকে পাঁচ কোটি টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে।