বন্য হাতির তাণ্ডব নালিতাবাড়ীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পল্লিতে বন্য হাতির দল ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় হাতির দল কয়েকটি ঘরবাড়িসহ বোরো বীজতলা নষ্ট করে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের গারোপল্লিতে এ হামলা চালায় হাতির দল।আন্ধারুপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত জুরেন সাংমা জানান, আজ ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে ২০-২৫টি বন্য হাতি অতর্কিতে গ্রামে ঢুকে তাঁর ঘরসহ নয়টি ঘর ভেঙে ফেলে। এ ছাড়া গোলার ধানসহ ঘরের আসবাব তছনছ করে ফেলে। এ সময় হাতির আক্রমণ থেকে বাঁচতে কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ পাহাড়ি গ্রামগুলোতে এক যুগের বেশি সময় ধরে বন্য হাতির দল তাণ্ডব চালায়। এতে ওই এলাকার মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।