বন্যা, খরা, লবণাক্ততা-সহিষ্ণু জাতের ধান উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রীর আহ্বান
বন্যা, খরা, লবণাক্ততা-সহিষ্ণু—এমন জাতের ধান উদ্ভাবনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৫’ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে তিনি ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। খবর বাসসের।কৃষিকে বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য কৃষিতে ভর্তুকি বাড়ানো, সারের দাম কমানো, কৃষকদের কৃষিকার্ড বিতরণ, ১০ টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, খাদ্য-উদ্বৃত্ত দেশে পরিণত হবে। আমরা বিদেশে খাদ্য রফতানি করতে পারব, এমন লক্ষ্য নিয়েই সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’কৃষিতে অবদান রাখার জন্য পাঁচজনকে স্বর্ণপদক, নয়জনকে রৌপ্যপদক এবং ১৮ জনকে ব্রোঞ্জপদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো, আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি, উষা রাণী গোস্বামী, এম এ মতিন, কৃষি তথ্য সার্ভিস ও আফতাব বহুমুখী ফার্মস লি.। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার কৃষি ও কৃষকের উন্নতিতে আরও ভূমিকা রাখবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোস্তাক আহমেদ।