বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে চীনে রাষ্ট্রীয় শোক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের ঝওকু কাউন্টিতে বন্যার কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে আজ রোববার দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ভূমিধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট হু জিনতাও। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ অন্য নেতারাও ভূমিধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর সিনহুয়ার।এ বন্যা ও ভূমিধসে কমপক্ষে এক হাজার ২০০ লোক নিহত হয়েছে। এখনো অন্তত ৫০০ লোক নিখোঁজ রয়েছে। সেনাবাহিনী নিখোঁজদের উদ্ধারে ও দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।এদিকে ঝওকুর ডংজি গ্রামে আজ রোববার রাষ্ট্রীয় শোক উপলক্ষে কয়েক হাজার উদ্ধারকারী ও গ্রামবাসী নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। গানসুর রাজধানী ল্যানঝওতেও রাষ্ট্রীয় শোক উপলক্ষে পালিত হয় বিভিন্ন কর্মসূচি।রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাস, বেইজিং, সাংহাইসহ বিভিন্ন বড় শহরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশব্যাপী চীনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর পাশাপাশি গোটা চীনে জনসাধারণের সব ধরনের বিনোদনও স্থগিত রাখা হয়েছে।