বন্যা না! গোটা মহল্লাই নর্দমা
হঠাৎ যদি কেউ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া মহল্লায় ঢুকে পড়েন, তাহলে তাঁর খটকা লাগতেই পারে। কী ব্যাপার, অসময়ে বন্যা নাকি! চারদিকে তো খরা। রোদে পুড়ছে লোকালয়-জনপদ। অথচ মুন্সিপাড়ায় ঘরে ঘরে হাঁটু পানি, রাস্তাঘাটেও একই অবস্থা। এ দৃশ্য ওই এলাকায় দীর্ঘদিনের, তবে ঘরে ঘরে ঢুকে পড়া এ পানি বন্যার নয়, নর্দমা উপচে নোংরা পানির নহর ঢুকে পড়েছে।সৈয়দপুর পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২০০০ সালের দিকে দাতা সংস্থার অর্থায়নে মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রজেক্টের আওতায় শহরের বঙ্গবন্ধু সড়কের দুই পাশ দিয়ে নির্মাণ করা হয় মাস্টার ড্রেন। কিন্তু ওই ড্রেন নির্মাণের নকশায় ত্রুটি ছিল। এ ত্রুটির কারণে শহরের মুন্সিপাড়া মহল্লার ছোট ড্রেনগুলোর সংযোগ ওই মাস্টার ড্রেনে দেওয়া যায়নি। কারণ হিসেবে বলা হয়, মাস্টার ড্রেনের লেয়ার (স্তর) অনেক উঁচু। সে তুলনায় ছোট ড্রেনগুলো কমপক্ষে এক ফুট নিচুতে বয়ে যাচ্ছে। পানির ধর্ম নিচের দিকে গড়ানো, তাই কোনোভাবেই উঁচু ড্রেনে এর প্রবাহকে বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে ছোট ড্রেনগুলোর পানি বেরিয়ে যেতে না পেরে, তা উপচে ঢুকে পড়ছে মুন্সিপাড়ার ঘরে ঘরে। রাস্তাতেও হাঁটুপানি। এ অবস্থায় ওই এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগের অন্ত নেই।একই সূত্র জানায়, মুন্সিপাড়া এলাকায় সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারীদের জন্য ব্রিটিশ আমলে এক হাজার কোয়ার্টার নির্মাণ করা হয়। এসব কোয়ার্টারে বাস করতেন কারখানায় কর্মরত মুন্সি অর্থাৎ কেরানিরা। বর্তমানে ওই কোয়ার্টারগুলোর সিংহভাগই দখল হয়ে গেছে। রেল কোয়ার্টার বাদেও মুন্সিপাড়া মহল্লায় প্রায় ১০ হাজার লোকের বাস। কিন্তু পৌরসভার পক্ষ থেকে মুন্সিপাড়ায় কোনো নাগরিকসুবিধা পৌঁছায়নি। একইভাবে মুন্সিপাড়ায় রেলওয়ের যে বিশাল জোড়াপুকুর (জোড়া তালাও) রয়েছে, তাও দীর্ঘদিন সংস্কারের অভাবে মজে যাচ্ছে। ভরাট হওয়া ওই পুকুর দুটি মহল্লার নর্দমার পানি আর ধারণ করতে পারছে না। মহল্লায় কোনো ডাস্টবিনও নেই, তাই মহল্লাবাসী গৃহস্থালির আবর্জনা ও জঞ্জাল সবই নিক্ষেপ করছে পুকুরে। এতে করে মুন্সিপাড়া মহল্লা বসবাসের অনুপোযোগী ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে।মুন্সিপাড়া মহল্লায় প্রায় ২০ বছর ধরে বাস করছেন ব্যবসায়ী সহিদ রেজা (৪০)। তিনি বলেন, ‘আমরা মনে হয় নর্দমার কীট! ১০ বছর ধরে জলাবদ্ধ নর্দমার মধ্যে বাস করছি।’ তিনি আরও বলেন, ‘এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী, মুসল্লি সবাইকে নোংরা পানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ পৌর কর্তৃপক্ষের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, অথচ আমাদের এলাকার ড্রেনগুলোর প্রয়োজনীয় সংস্কার হচ্ছে না।’ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মীদের কোনো দিন এ পথে দেখা যায়নি বলে তিনি জানান।এলাকাবাসী মুজতবা আলী (৫০) জানান, নোংরা পানির জন্য এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। জলাবদ্ধতার কারণে মহল্লায় পেটের পীড়াসহ জটিল রোগ ছড়িয়ে পড়ছে। দ্রুত এ পরিস্থিতির উন্নতি না হলে ভয়াবহ সংকটে পড়বে মুন্সিপাড়ার জনগণ।এ ব্যাপারে পৌর মেয়র আখতার হোসেন জানান, আগের পরিষদের আমলে মাস্টার ড্রেনের কাজটি হয়। ওই কাজটি ছিল অপরিকল্পিত। ফলে মুন্সিপাড়ার মানুষ দুর্ভোগে পড়েছে। তিনি স্বীকার করেন, মুন্সিপাড়ার জলাবদ্ধতায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আর মাস্টার ড্রেনে ছোট ড্রেনগুলোর সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা কাটিয়ে উঠতে বড় ধরনের মাস্টারপ্ল্যান নিতে হবে। এ জন্য সরকারিভাবে প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি এ সমস্যা কাটাতে সরকার বা দাতা সংস্থার হস্তক্ষেপ চেয়েছেন।