বন্যা পরিস্থিতি: তিন প্রধান নদীর পানি হ্রাস পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি প্রধান নদীর পানি হ্রাস পাওয়ার পাশাপাশি বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে। এছাড়াও সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে বলে জানা গেছে।আজ রোববার পানি উন্নয়ন বোর্ডের বন্যা-পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্রের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে আরও জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনার পানি হ্রাস পাবে এবং এই ধারা অব্যাহত থাকবে।পানি উন্নয়ন বোর্ডের ৭৩টি মনিটরিং স্টেশনের মধ্যে ২৫টি পয়েন্টে পানি বেড়েছে ও ৪৩টি পয়েন্টে হ্রাস পেয়েছে। নয়টি পয়েন্টে পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চারটি পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। একটির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।যমুনা, পদ্মা, আড়িয়ালখাঁ এবং সুরমা নদীর পানি বর্তমানে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেসব স্থান দিয়ে এই পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলো হলো—সিরাজগঞ্জ (১৮ সেমি.), আরিচায় (৫ সেমি.), গোয়ালন্দ (৪৮ সেমি.), ভাগ্যকুলে (৬৫ সেমি), মাদারীপুরের অমলশিদ (১১৬ সেমি.), শেওলা (৭০ সেমি.), শেরপুর (১৭ সেমি.) ও কুশিয়ারা এবং কানাইঘাটে (৯৫ সেমি.)। এদিকে দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে সরকার পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আজ তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এ বছর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কিছু অংশ, সিরাজগঞ্জ, শেরপুর এবং কুড়িগ্রাম জেলা। বাসস/ইউএনবি।