বন্যা পরিস্থিতির আরও অবনতি
কুড়িগ্রাম, বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৪৩ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপত্সীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। অন্যান্য নদ-নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বন্যা দুর্গতদের মাঝে চাল, শুকনা খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। মাঠ পর্যায়ে ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. জাফর আলী কুড়িগ্রাম সদরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সহায়তা প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, রাজীবপুর উপজেলার মুন্সিপাড়া, উলিপুরের হাতিয়া ও নাগেশ্বরীর নুনখাওয়া কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের ৪০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইটালুকান্দা রেজি. প্রাথমিক বিদ্যালয় ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে গেছে।জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জেলার নয়টি উপজেলার ৭২টি ইউনিয়নের মধ্যে ৫৮টি বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব উপজেলার ৬৫ হাজার পরিবারের তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ১৯ কিলোমিটার কাঁচা সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও গবাদিপশু। বানভাসি মানুষগুলো আটটি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। অনেক পরিবার নৌকা ও কলাগাছের ভেলায় দিন কাটাচ্ছে। বিশুদ্ধ খাবার পানি, জ্বালানি ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন ও তদারকি করার জন্য পাঁচ সদস্যের তিনটি পরিদর্শন দল করা হয়েছে। সিরাজগঞ্জ: পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর স্রোত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে আঘাত করায় বিশাল আকৃতির ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এটি রক্ষার কাজ জোরদার করা হয়েছে। এদিকে নদী খনন করে সদ্য নির্মিত দেড় কিলোমিটার দীর্ঘ ক্লোজার-১-এর নদী অভ্যন্তর মুখের ৭০ মিটার অংশ প্রবল পানির তোরে ধসে গেছে। পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ শহরতলির অন্তত ১২টি গ্রামসহ জেলার ৬০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেলকুচি, কাজীপুর, চৌহালী উপজেলার চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা। চরাঞ্চলের মানুষগুলো খোলা আকাশের নিচে বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারিভাবে জেলার বন্যার্ত মানুষের জন্য ৪৬৭ মেট্রিক টন চাল এবং নগদ ১১ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, ধসে যাওয়া স্থানগুলোতে বালুর বস্তা আর সিসি ব্লক ফেলে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ধুনটের কৈয়াগাড়ী গ্রামের কাছে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামের সামনে পানির তোড়ে বাঁধের ১০০ মিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে উপজেলার ১০টি ইউনিয়নসহ পাশে কাজীপুর উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় লোকজন ভেঙে যাওয়া এলাকায় বালুর বস্তা, খড় ও গাছ কেটে বাঁধ রক্ষা করার চেষ্টা করছেন।বগুড়া জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির চাপে ভেঙে যাওয়া কৈয়াগাড়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে মেরামতের চেষ্টা চলছে।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ এবং ধুনট (বগুড়া) প্রতিনিধি)