বন্যা-শ্রীকান্তের সুরে মন্দ্রিত সন্ধ্যা
হেমন্তের সন্ধ্যা সুরে ভরিয়ে দিয়েছিলেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও শ্রীকান্ত আচার্য। গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি মিলনায়তনে ‘ইবিএল করপোরেট নাইট’ নামের অনুষ্ঠানে শ্রোতাদের গান শুনিয়েছেন তাঁরা।ইস্টার্ন ব্যাংক লিমিটেড আয়োজিত এই গানের আয়োজন শুরু হয়েছিল সুরেরধারার শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া ‘আকাশ ভরা সূর্য তারা’ এবং ‘আগুনের পরশমণি’ গান দুটি দিয়ে।পরে বন্যা গেয়ে শোনান ‘তোমায় গান শোনাব’, ‘ও অকূলের কূল’, ‘ছিন্নপাতার সাজাই তরণী’ এবং ‘অমল ধবল পালে’। রবীন্দ্রসংগীতের পর শ্রীকান্ত আচার্য পরিবেশন করেন তাঁর বেশ কিছু নতুন ও পুরোনো গান। এর মধ্যে ছিল ‘বৃষ্টি তোমাকে দিলাম’, ‘তোর সাথে যে নদীর অনেক মিল’, ‘মেয়েটা ছিল’, ‘মেঘ মানে না কাঁটাতারের বেড়া’, ‘খোলা জানালা’, ‘মুসাফেরানা’সহ কয়েকটি রবীন্দ্রসংগীতও পরিবেশন করেন তিনি।