বন্যা: কুড়িগ্রামে উন্নতি, রাজবাড়ী-শরীয়তপুরে অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় আজ শুক্রবার বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে রাজবাড়ী ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সেখানে নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপত্সীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১০ সেন্টিমিটার কমেছে। কিন্তু এখনো তা বিপত্সীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি ছয় সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার কমেছে। তবে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, জেলার প্রায় আট হাজার হেক্টর জমির রোপা আমন ছয় দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। ব্রহ্মপুত্র অববাহিকার পানি দ্রুত না নামায় চলতি আমন মৌসুমে কৃষিতে মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষি বিভাগ। রাজবাড়ী: আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি দুই সেন্টিমিটার কমলেও তা বিপত্সীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে জেলার তিনটি উপজেলার নয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্ল¬াবিত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, চন্দনী, খানগঞ্জ, বরাট, গোয়ালন্দের দৌলতদিয়া, উজানচর ও দেবগ্রাম এবং পাংশার বাহাদুরপুর ও হাবাসপুরের নিম্নাঞ্চল সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানির সীমা ৯ দশমিক ১০ সেন্টিমিটার। তবে পানি বিপত্সীমা অতিক্রম করলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজবাড়ী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবদুল কুদ্দুস প্রথম আলোকে জানান, বন্যার পানিতে প্রথমদিকে চর জৌকুড়া এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙন প্রতিরোধে প্রাথমিকভাবে বাঁশের পাইলিং তৈরি করে কয়েক হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এ কাজে কোনো বরাদ্দ না পাওয়ায় কাজটি অসম্পূর্ণ অবস্থায়ই আছে। শরীয়তপুর: আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। তবে মেঘনায় পানি বাড়ায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মন্তা দেওয়ানের কান্দি গ্রামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।