বন্যা: ২৮ হাজার হেক্টর জমির ফসল পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত দিন ধইরা আমার এক একর জমির বিআর-১১ রোপা আমন ডুইবা আছে। খেত আর হইব না। সব মইরা গেছে। সামান্য জমির ওপরেই ভরসা ছিল। এখন আমি কী করমু।’ গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের কৃষক মো. সোলায়মান। তাঁর মতো একই কথা বললেন অন্য কৃষকেরাও।এবারের বন্যায় গতকাল পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় ২৮ হাজার ৪১৯ দশমিক ৫ হেক্টর জমির রোপা আমন, আমনের বীজতলা, সবজিখেতসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।এদিকে রাজবাড়ী, সিরাজগঞ্জ, ফরিদপুর ও জামালপুরে বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। সার্বিক বন্যা-পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় বলা হয়েছে, রাজবাড়ী, ফরিদপুর, জামালপুর, শেরপুরসহ দেশের ৩৪টি স্থানে নদ-নদীর পানি বেড়েছে। কমেছে ২৯টি স্থানের নদ-নদীর পানি। এর মধ্যে ১১টি স্থানে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মাতীরবর্তী অঞ্চলে দুই দিনের মধ্যে পানি কমতে পারে। তবে মেঘনার পানি বাড়তে পারে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জামালপুর: জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গতকাল এক সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মেলান্দহ উপজেলায় সাত দিন ধরে রোপা আমন ধান পানিতে তলিয়ে থাকায় কৃষকেরা শঙ্কায় রয়েছেন। উপজেলার মেলান্দহ-মাহমুদপুর সড়কের চাড়াইলদার ও পয়লা কজওয়ে দিয়ে প্রবল বেগে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। ওই সড়কের পয়লা কজওয়ে-সংলগ্ন একটি সেতুতে ফাটল ধরেছে। এ ছাড়া উপজেলার ফুলকোচা ইউনিয়নের ব্রাহ্মণপড়া সড়কের প্রায় ২০০ মিটার গতকাল ভোরে পানির তোড়ে ধসে গেছে।মেলান্দহের নাংলা ইউনিয়নের চাড়াইলদার গ্রামের কৃষক আবুল কাশেম সরকার এবার নয় বিঘা জমিতে রোপা আমন চাষ করেন। তাঁর সম্পূর্ণ খেত পানিতে তলিয়ে আছে ১০ দিন ধরে। তিনি বললেন, ‘এই ধান আর হবে না। নতুন করে লাগানোর সময়ও নাই। সরকার আমাদের দিকে তাকায় না কেন।’বন্যায় জেলার অন্তত ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমির রোপা আমন ধান, বীজতলা, আখসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।কুড়িগ্রাম: চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি গতকাল চার সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চিলমারী, রৌমারী ও চররাজীবপুর উপজেলায় সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকটে বন্যায় পানিবন্দী প্রায় সোয়া লাখ মানুষ এক সপ্তাহ ধরে মানবেতর জীবন যাবন করছে। এদিকে চিলমারীর বড় ভিটার চর ও কড়াই বরিশাল এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে গত ৪৮ ঘণ্টায় গৃহহীন হয়েছে ৯০টি পরিবার। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে প্রায় আট হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়েছে প্রায় দুই হাজার হেক্টরের। সিরাজগঞ্জ ও উল্লাপাড়া: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি এক সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ নদীগুলোর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা-পরিস্থিতির অবনতি ঘটেছে।এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার চরমিরপুর, চরমালসাপাড়া ও বিয়ারা মহল্লায় বন্যার পানি ঢুকেছে। নতুন করে প্লাবিত হয়েছে উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশসহ চলনবিল এলাকার বিস্তীর্ণ এলাকা। সিরাজগঞ্জ শহরসংলগ্ন খোকশাবাড়ী ইউনিয়নের ১১টি গ্রামসহ সদর উপজেলার অন্তত ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সদর উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।বন্যার পাশাপাশি নদীতীরবর্তী এলাকাগুলোয় ভাঙন অব্যাহত রয়েছে। বন্যায় জেলায় তিন হাজার ২০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।গাইবান্ধা: গত তিন দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, রতনপুর ও কালাসোনা গ্রামের শতাধিক ঘরবাড়ি, প্রায় ১০ একর আবাদি জমি, অসংখ্য গাছপালা, সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ও সিংড়িয়া বাজারের অন্তত ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কোরবান আলী জানান, এবারের বন্যায় তিন হাজার ২৫০ হেক্টর জমির আমন ধান ও ৭৪ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ পয়েন্টে গতকাল পদ্মার পানি দুই সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ীর উপপরিচালক ফারুক আহম্মেদ জানান, নতুন করে পানি বাড়ায় জেলার পাংশা উপজেলায় ৫২০ হেক্টর ও গোয়ালন্দ উপজেলায় ৩০ দশমিক ৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।ফরিদপুর: বন্যাদুর্গত বক্তিদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। সদর ইউএনও রাহিমা আক্তার গতকাল উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ধোলাইয়ের চর এলাকায় ৯২টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল ও ২০০ টাকা করে বিতরণ করেছেন।জেলার সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার নয়টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যায় ৫৫ হাজার ৬৪০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সদরপুরে নদীভাঙনের শিকার হয়েছে ৪৩২টি পরিবার। বন্যাকবলিত তিনটি উপজেলায় ৩৮০ হেক্টর জমির ফসল ও শাকসবজি নষ্ট হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।