বন্যাদুর্গতদের জন্য ভারতের সাহায্য নিতে রাজি হলো পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বন্যাদুর্গতদের জন্য ভারতের কাছ থেকে ৫০ লাখ ডলারের সাহায্য গ্রহণ করতে সম্মত হলো পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানকে এ সহায়তার প্রস্তাব দিয়েছিল ভারত। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় বন্যাকবলিত পাকিস্তানের ওপর বিশেষ অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ‘পাকিস্তান সরকার ভারতের প্রস্তাবিত ৫০ লাখ ডলারের সহায়তা গ্রহণ করতে সম্মত হয়েছে।’বন্যাদুর্গতদের সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক সম্পর্ককে প্রাধান্য না দিয়ে ভারতের কাছ থেকে সহায়তা গ্রহণের জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ভারতের কাছ থেকে সহায়তা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক দ্বারা প্রভাবিত হয়নি বলে দাবি করেছেন কুরেশি। তিনি পাকিস্তানের বন্যা নিয়ে ভারতের ইতিবাচক মনোভাবের জন্য ভারত সরকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ধন্যবাদ জানিয়েছেন।এদিকে পাকিস্তানে আগামী মাসেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে আশঙ্কা করে জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার বলেছে, পাকিস্তানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়া দরকার এমন মানুষের সংখ্যা ৬০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখে।পাকিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী মার্টিন মগোয়াঞ্জা বলেছেন, ‘পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কমপক্ষে এক লাখ ৬০ বর্গকিলোমিটার। যা ইংল্যান্ডের মোট স্থলভাগের থেকেও বেশি।’ জাতিসংঘের হিসাব অনুসারে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ কোটি ৫৪ লাখ মানুষ।জরুরিভাবে মানবিক সহায়তা না দেওয়া গেলে দ্বিতীয় দফায় পানিবাহিত রোগে আরও অনেক মানুষ মারা যাবে বলে সতর্ক করে দিয়েছেন মগোয়াঞ্জা।—টাইমস অব ইন্ডিয়া ও সিনহুয়া